২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ শিল্প থেকে সরছে সিমেন্স

জার্মান কোম্পানি সিমেন্স পরমাণু বিদ্যুৎ শিল্প থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে আনবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান কোম্পানি সিমেন্স পরমাণু বিদ্যুৎ শিল্প থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে আনবে। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে জার্মান সরকার ও সমাজের অবস্থান নেওয়াতেই সিমেন্স এ সিদ্ধান্তনিয়েছে বলে জানান সিমেন্সের প্রধান নির্বাহী পিটার লোয়েশার। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সিমেন্সের সম্পৃক্ততা নিয়ে তিনি স্পিগেল সাময়িকীকে বলেন, "এই অধ্যায় এখন শেষ।" একই সঙ্গে রাশিয়ার পরমাণু কোম্পানি রোসাতমের সঙ্গে এ শিল্পে পরিকল্পনাধীন যৌথ বিনিয়োগের উদ্যোগও বাতিল করেছে সিমেন্স। জার্মানিতে বর্তমানে চালু ১৭টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সবগুলোই তৈরি করেছে সিমেন্স। কিন্তু এখন সিমেন্স কেবল চীন ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশে অন্য কোম্পানির তৈরি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রাংশ সরবরাহ করছে। তবে লোয়েশার জানান, সিমেন্স বাষ্পীয় টারবাইনের মতো যন্ত্রাংশ তৈরি অব্যাহত রাখবে যেগুলো সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। তবে এগুলো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও ব্যবহার করা যায়। জার্মান সরকারের নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রতি ফিরে যাওয়ার পরিকল্পনাকে সমর্থন করছে সিমেন্স। সরকার ২০২০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের ৩৫ শতাংশই নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে করার পরিকল্পনা করেছে। এটি সম্ভব বলে মনে করছেন সিমেন্সের প্রধান নির্বাহী। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল গত মে মাসে ঘোষণা করেন, ২০২২ সালের মধ্যে দেশটির ১৭টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রই বন্ধ করা হবে। এর মধ্য দিয়ে তিনি তার আগের ঘোষণা থেকে সরে এসেছেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, বর্তমান পরমাণু কেন্দ্রগুলোর মেয়াদ গড়ে ১২ বছর করে বাড়ানো হবে। সিমেন্সও তার আগের পরিকল্পনা থেকে সরে এসেছে। ২০০৯ সালে তারা রাশিয়ার পরমাণু কোম্পানি রোসাতমের সঙ্গে যৌথ বিনিয়োগ করার চুক্তির কথা ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/২৩১২ ঘ.