২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির দুই ঘাঁটিতে এনটিসি বাহিনীর হামলা

লিবিয়ার নতুন শাসকদের অনুগত বাহিনী পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত এবং বানি ওয়ালিদে হামলা চালাচ্ছে। দুই শহরেই চলছে তুমুল লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 06:40 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নতুন শাসকদের অনুগত বাহিনী পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত এবং বানি ওয়ালিদে হামলা চালাচ্ছে। দুই শহরেই চলছে তুমুল লড়াই। লিবিয়ার অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) সেনারা শুক্রবার বানি ওয়ালিদে প্রবেশ করে প্রচণ্ড হামলা শুরু করেছে। সারি সারি ট্রাকে করে অস্ত্রসশস্ত্র নিয়ে বানি ওয়ালিদে প্রবেশ করে গাদ্দাফিবিরোধী বাহিনী। যোদ্ধা মোহাম্মদ আহমেদ বলেন, "আমরা ভেতরে প্রবেশ করছি। শেষ নির্দেশ পেয়েছি আমরা। ইনশাল্লাহ আজই বানি ওয়ালিদ মুক্ত হবে।" এর আগে বৃহস্পতিবার তারা সির্তে প্রবেশ করে। এনটিসির সামরিক মুখপাত্র আবদুল রহমান বুসিন রয়টার্সকে বলেন, "তারা দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং সমুদ্রের দিক দিয়ে সমন্বিতভাবে শহরের ভেতরে প্রবেশ করেছে।" তিনি আরো বলেন, "প্রচণ্ড গোলাগুলির মুখে পড়েছে তারা। এক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে গা ঢাকা দিয়ে থাকা বন্দুকধারীরা।" এ কারণে কতদূর অগ্রসর হওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান তিনি। সির্তের লড়াইয়ে ইতোমধ্যেই ১৬ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে টেলিভিশনে। এর আগে সোমবার গাদ্দাফি অনুগত বাহিনীর হামলায় রাস লানুফের কাছে একটি তেল শোধনাগারে ১৫ রক্ষী নিহত হয়েছে। গাদ্দাফি এখনো পলাতক হলেও যুদ্ধ যে শিগগিরিই শেষ হচ্ছে না সোমবারের এ ঘটনা তারই ইঙ্গিত। ওই দিন গাদ্দাফি নিয়ন্ত্রিত উপকূলীয় শহর সির্তে থেকে ১৪-১৫ টি ট্রাকে করে বন্দুকধারীরা এসে এ হামলা চালায় বলে জানান তিনি। লিবিয়ার বিদ্রোহী পরিষদ এনটিসি তেল উৎপাদন শুরুর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ওই হামলা হয়। গাদ্দাফির নিয়ন্ত্রণাধীন অন্য শহরগুলোতেও প্রবল প্রতিরোধের মুখে রয়েছে বিদ্রোহীরা। বানি ওয়ালিদ শহরেও তাদেরকে প্রবল প্রতিরোধ অভিযানের মোকাবেলা করতে হচ্ছে। তবে প্রতিরোধ অভিযান ঠেলে বিদ্রোহীরা গাদ্দাফির জন্মশহর সির্তে'য় প্রবেশ করেছে। কিন্তু সেখানে প্রবল প্রতিরোধ গড়ে ওঠায় শহরটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিদ্রোহীদের কতদিন লাগবে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। বানি ওয়ালিদ এবং সির্ত ছাড়াও এখনো গাদ্দাফি সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে আরো দুটি শহর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭০৭ঘ.