নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা কোনো কোনো মানুষের ক্ষেত্রে হৃদরোগের কারণ হয়ে উঠতে পারে। বেশ কয়েকটি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
তবে হৃদযন্ত্রবান্ধব জীবনযাপন অথবা কোলেস্টেরলের মাত্রা হ্রাস করার ওষুধ ব্যবহারের মাধ্যমে পুরুষের যৌনজীবন স্বাভাবিক হয়ে উঠতে পারে।
পুরুষত্বহীনতার সাথে হৃদরোগের সম্পর্ক অনেক আগে থেকেই বিজ্ঞানীদের জানা। যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তারপরও একটি সাধারণ তত্ত্ব প্রচলিত আছে যে, শারীরিক সম্পর্কে যাওয়ার সময় পুরুষাঙ্গের ধমণীতে যে রক্তপ্রবাহিত হয় তা স্বাভাবিক ধারায় না হলে হৃদযন্ত্রের করোনারি ধমনীর সমস্যার পূর্বাভাস পাওয়া যায়।
হৃদরোগ ও পুরুষত্বহীনতার সম্পর্ক নির্ণয় করার লক্ষ্যে চীনের সুকহাউ বিশ্ববিদ্যালয়ের জিআ য়ি ডং ও তার সহকর্মীরা ৩৭ হাজার ব্যক্তির ওপর পরিচালিত পূর্ববর্তী বারোটি গবেষণা ফলাফল বিশ্লেষণ করেন। তাদের বিশ্লেষণের ফলাফল তারা আমেরিকান কলেজ আব কার্ডিওলোজির সাময়িকীতে প্রকাশ করেন।
বারোটি গবেষণা ফলাফল সম্পূর্ণ বিশ্লেষণে বের হয়ে আসে, পুরুষত্বহীনতা তথা পুরুষাঙ্গের উত্থান সমস্যা উল্লেখযোগ্যভাবে হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে। এরমধ্যে হৃদযন্ত্রের ধমণীজনিত রোগ (করোনারি হার্ট ডিজিস), পক্ষাঘাত (স্ট্রোক) ও অন্যান্য প্রাণঘাতী হৃদরোগ উল্লেখযোগ্য।
আর হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলার এ বিষয়টি হৃদরোগ সম্ভাবনার অন্যান্য কারণ থেকে স্বতন্ত্র।
তবে দাম্পত্য সমস্যা ও মানসিক কোন সমস্যার কারণে সৃষ্ট পুরুষত্বহীনতার সাথে হৃদরোগের সম্পর্ক নেই।
আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিন নামের অন্য একটি সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণা ফলাফলে দেখা যায়, হৃদযন্ত্রবান্ধব জীবনযাপন ও কোলেস্টেরলের মাত্রা হ্রাস করার ওষুধ ব্যবহারে পুরুষত্বহীনতার সমস্যা কিছুটা হ্রাস পায়, তবে তা সাময়িক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২২ ঘ.
bdnews24