২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে এবার পর্যটন মন্ত্রীর পদত্যাগ

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের মন্ত্রিসভা থেকে এবার পর্যটনমন্ত্রী পেদ্রো নোভেইস পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের মন্ত্রিসভা থেকে এবার পর্যটনমন্ত্রী পেদ্রো নোভেইস পদত্যাগ করেছেন। জনতহবিল অপচয়ের অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেছেন বলে বিবিসি জানায়। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিসহ নানা অভিযোগে রৌসেফের মন্ত্রিসভা থেকে এ নিয়ে চারমন্ত্রী পদত্যাগ করলেন। নোভেইসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্ত্রীর জন্য জনগণের টাকায় একজন পরিচারক ও গাড়িচালক নিয়োগ দিয়েছেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করলেও মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন নোভেইস। নোভেইসের পদত্যাগের পরিপ্রেক্সিতে বিরোধীদল দাবি করছে, রৌসেফের সরকার দুর্নীতিগ্রস্ত। বিরোধীদের এই দাবি প্রত্যাখ্যান করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ব্রাজিলে সবসময়ই দুর্নীতি ছিল। তবে অন্যসময় থেকে এখনকার পার্থক্য এই যে, এগুলো এখন জনগণ জানতে পারছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সরকারে ডজনেরও বেশি পার্টির অংশগ্রহণ রয়েছে। ৮১ বছর বয়সী নোভেইস সরকারের সবচেয়ে বড় শরিক দল ডেমোক্রেটিক পার্টি অব ব্রাজিল (পিএমডিবি)'র সদস্য। গত মাসে দেশটিতে পর্যটন মন্ত্রণালয়ের ৩০ জনেরও বেশি কর্মকর্তাকে জনতহবিল অপচয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়। জুনে রৌসেফের মন্ত্রিসভা থেকে চিফ মিনিস্টার আন্তোনিও পালোচ্চি পদত্যাগ করেন। তার বিরুদ্ধে 'দ্রুত সম্পদ অর্জন'র অভিযোগ তুলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কৃষি ও পরিবহনমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। তিনিও পদত্যাগ করেন। তবে তারা প্রত্যেকেই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। পর্যটন মন্ত্রীর আগে প্রতিরক্ষামন্ত্রী নেলসন জোবিমও পদত্যাগ করেন। গণমাধ্যমে সহকর্মীদের প্রতি বিরূপ মন্তব্য করায় রৌসেফ তাকে পদত্যাগের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান জোবিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১১ ঘ.