২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে ল্যাপটপ পাচ্ছে তামিলনাড়ুর শিক্ষার্থীরা

বিনামূল্যে ল্যাপটপ পাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ৬৮ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যে ল্যাপটপ পাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ৬৮ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী। নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী এ ল্যাপটপ দিচ্ছে মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের সরকার। এ বছরের শুরুতে নির্বাচনে জেতার পর এ জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়। ব্যয় নিয়ে সমালোচনার মধ্যেও প্রকল্পের কাজ এগিয়ে এগিয়ে চলছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার এ প্রকল্প ভারতে তামিলনাড়ুই প্রথম শুরু করলো। প্রকল্পের আওতায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে আধুনিক তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলার আশা করছে রাজ্য সরকার, যা অথনৈতিক উন্নয়নে অবদান রাখবে। প্রকল্পের সমর্থকরা বলছেন, যে সব শিক্ষার্থীর পরিবার সন্তানদের ল্যাপটপ তুলে দিতে পারছেন না, এর মধ্য দিয়ে তারা উপকৃত হবেন। কয়েকদিন আগে ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাপটপ যাদের দেওয়া হবে, তার একটি তালিকাও প্রায় চূড়ান্ত। তবে এ প্রকল্পের সমালোচনাও রয়েছে। অনেকেই বলছেন, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের জন্য প্রতি বছর প্রচুর অর্থ খরচ হয়ে যাবে। এছাড়া বিদ্যুৎ সমস্যার দিকেও ইঙ্গিত করেছেন অনেকে। তারা বলছেন, লোডশেডিংয়ের কারণে ল্যাপটপ ব্যবহারও করতে পারবেন না অনেক শিক্ষার্থী। এ প্রকল্পে অর্থ ব্যয়ের পরিবর্তে বিদ্যুৎ সমস্যা সমাধানে রাজ্য সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৩০ ঘ.