২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাগাদা তুরস্কের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সমর্থন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। একইসঙ্গে তিনি ইসরায়েলের সমালোচনাও করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

কায়রো, ১৩ সেপ্টম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সমর্থন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। একইসঙ্গে তিনি ইসরায়েলের সমালোচনাও করেছেন। কায়রোয় আরব রাষ্ট্রগুলোর এক সভায় দেওয়া বক্তব্যে তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগাদা দিয়ে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়াটা কোনো বিকল্প সমাধান নয় বরং তা করাটা অত্যাবশ্যক। তিনি বলেন, "এখন জাতিসংঘে ফিলিস্তিনি পতাকা ওড়ানোর সময়। আসুন আমরা ফিলিস্তিনের পতাকা ওড়াই। যে পতাকা মধ্যপ্রাচ্যে শান্তি ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উড়বে।" মধ্যপ্রাচ্যে বহু আকাঙ্খিত শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে অবদান রাখার আহ্বান জানান তিনি। ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, এ দেশটির সরকারের মনোভাব মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বাধা। আঞ্চলিক প্রভাব বাড়াতে মিশর, তিউনিসিয়া ও লিবিয়া সফরে বের হয়েছেন এর্দোয়ান। প্রথমেই মিশর সফর করছেন তিনি। আল জাজিরা জানায়, সোমবার মিসরের অন্তর্বর্তী মন্ত্রী পরিষদের প্রধান ইসাম শারাফ ও বেশ কয়েক হাজার শুভাকাক্সক্ষী তুর্কি প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানায়। দুই দেশের নেতারা কায়রো বিমানবন্দর থেকে বের হলে উল্লসিত জনতা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করে। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকবিরোধী বিক্ষোভের কর্মী মোহাম্মেদ বাদেল বলেন, "এ সফর গুরুত্বপূর্ণ।" তিনি আরো বলেন, "আমাদের তুরস্কের সঙ্গে সম্পর্ক রক্ষা করা উচিত। একইসঙ্গে যেসব দেশ আরব বিশ্বকে সহায়তা করতে চায় এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে আরব বিশ্বকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে আগ্রহী তাদের সবার সঙ্গেই সম্পর্ক রক্ষা করা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৪ঘ.