তেহরান, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত দুই মার্কিনিকে মানবিক দিক বিবেচনায় শিগগিরিই মুক্তি দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে একথা বলেছেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিনি শেন বাউয়ের এবং জসুয়া ফাত্তালকে গত মাসে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো।
এনবিসি'র 'টুডে' শো তে এক সাক্ষাৎকারে দোভাষীর মাধ্যমে আহমাদিনেজাদ বলেন, "কয়েকদিনের মধ্যেই এ দু'জনকে ছেড়ে দেওয়া হবে বলে মনে করছি। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে। ইনশাল্ল¬াহ, তারা মুক্তি পাবে।"
তিনি আরো বলেন, "দুজনকে মুক্তি দেওয়া হবে। মানবিক দৃষ্টিকোণের দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা এটা করব।"
২০০৯ সালে শেন বাউয়ের, জোসুয়া ফাত্তাল ও শারাহ শোর্ড নামের তিন মার্কিনী ইরানের ইরাক সীমান্তবর্তী এলাকায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হন।
এর মধ্যে শারা শোর্ড ২০১০ সালে ৫ লাখ ডলারের বিনিময়ে জামিন নিয়ে দেশে ফিরে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩১ঘ.
bdnews24