ত্রিপোলি, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার যুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে গাদ্দাফিপন্থি বাহিনী। সোমবার তাদের হামলায় রাস লানুফের কাছে একটি তেল শোধনাগারে ১৫ রক্ষী নিহত হয়েছে।
লিবিয়া যুদ্ধে বিদ্রোহীদের কয়েকদফা অগ্রযাত্রার বেশ কিছুদিন পর আবারো গাদ্দাফি বাহিনীর জোর হামলার এ খবর পাওয়া গেলো। গাদ্দাফি এখনো পলাতক হলেও যুদ্ধ যে শিগগিরিই শেষ হচ্ছে না সোমবারের এ ঘটনা তারই ইঙ্গিত।
হামলার সময় তেল শোধনাগারে ৬০ জন কর্মী ছিলো বলে জানিয়েছে আহত একজন। নাম রমজান আব্দুল কাদের।
গাদ্দাফি নিয়ন্ত্রিত উপকূলীয় শহর সির্তে থেকে ১৪-১৫ টি ট্রাকে করে বন্দুকধারীরা এসে এ হামলা চালায় বলে জানান তিনি।
লিবিয়ার বিদ্রোহী পরিষদ এনটিসি তেল উৎপাদন শুরুর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ওই হামলা হয়।
বন্দুকধারীরা গাড়িতে করে এসে হামলা করলেও তারা শোধনাগারে ঢুকতে পারেনি বলে জানিয়েছেন এনটিসি'র সামরিক মুখপাত্র।
গাদ্দাফির নিয়ন্ত্রণাধীন অন্য শহরগুলোতের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে বিদ্রোহীরা। বানি ওয়ালিদ শহরেও তাদেরকে কড়া প্রতিরোধ অভিযানের মোকাবেলা করতে হচ্ছে। শহরটিতে দুপক্ষে চলছে তুমুল লড়াই।
এনটিসি জানায়, বানি ওয়ালিদে প্রায় ১ হাজার গাদ্দাফি সমর্থককে মোকাবেলা করছে। শহরটিতে ১শ' থেকে দেড়শ' গাদ্দাফি সমর্থক রয়েছে বলে ধারণা করা হয়।
বানি ওয়ালিদে রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ায় শহরের বাসিন্দারা পালিয়ে যাচ্ছে।
এনটিসি'র মুখপাত্র জলিল আল- জালাল বলেন, "শহরটিতে তারা ভয়ঙ্করভাবে প্রতিরোধ করছে। শহরটি নিয়ন্ত্রণে নিতে কতদিন লাগবে জানি না।"
তবে প্রতিরোধ অভিযান ঠেলে বিদ্রোহীরা গাদ্দাফির জন্মশহর সির্তে এগুচ্ছে বলে জানিয়েছেন ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)'র যোদ্ধারা। বানি ওয়ালিদ এবং সির্তে ছাড়াও গাদ্দাফি সমর্থকদের নিয়ন্ত্রণে এখনো রয়েছে আরো দুটি শহর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১১১ঘ.
bdnews24