২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ হামলার দশ বছর

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে ভয়াবহ হামলার ১০ বছর পূর্তি পালন হয়েছে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে। যে হামলা পাল্টে দিয়েছে বহু মানুষের জীবন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে ভয়াবহ হামলার ১০ বছর পূর্তি পালন হয়েছে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে। যে হামলা পাল্টে দিয়েছে বহু মানুষের জীবন। অস্ট্রেলিয়া থেকে শুরু করে ফ্রান্সসহ বিশ্বের প্রায় ৯০টি দেশ ৯/১১'র হামলায় নিহতদের স্মরণ করেছে। যুক্তরাষ্ট্রে স্মরণানুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেয়। ছিনতাই করা বিমান দিয়ে নিউ ইয়র্কের টুইন টাওয়ার গুড়িয়ে দেওয়ার দশম বর্ষপূর্তিতে আবারো আল-কায়েদা হামলা চালানোর আভাস পেয়ে এ সতর্কবস্থা নেওয়া হয়। নিউ ইয়র্কের ম্যানহাটেনে নিরাপত্তার কড়াকড়ি ছিলো সবচেয়ে বেশি। ম্যানহাটেনের প্রবেশ পথের সবগুলো ব্রিজ ও সুড়ঙ্গপথে আসা গাড়ি তল্লাশি করেছে পুলিশ, এছাড়া শহরের সড়কগুলোতেও তল্লাশি চৌকি বসানো হয়। নিউ ইয়র্কের হামলাস্থল 'গ্রাউন্ড জিরো'র অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বাইবেলের একটি অধ্যায় পড়ে শোনান। যাতে বর্ণিত আছে ঈশ্বরের পরম করুণা আর শক্তিমত্তার কথা। যা পড়লে যে কোনো সমস্যায় মনের স্বস্তি মেলে। নিহত প্রায় তিন হাজার মানুষের প্রত্যেকের নাম পাঠ করা হয় স্মরণানুষ্ঠানে। এ সময় নিহতদের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। নামপাঠ শেষে পুরো নিউ ইয়র্ক শহরের সব গির্জার ঘন্টা বেজে ওঠে একসঙ্গে। বিমানগুলো যে যে সময় বাণিজ্য কেন্দ্রের দুটি ভবনে আঘাত করেছে এবং যে সময় বাণিজ্য কেন্দ্রের ভবন দুটি ধ্বসে পড়েছে, সেই মূহুর্তগুলি স্মরণে পালন করা হয় নীরবতা। পেন্টাগনে হামলার মূহুর্ত স্মরণে ও সাঙ্কশভিলে বিধ্বস্ত বিমানের যাত্রীদের স্মরণেও নিরবতা পালন করা হয়। বিশ্বব্যাপী বহু দেশের মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছে এ হামলায়। মালয়েশিয়ার এক নারী তার ছেলেকে হারিয়েছেন। তাই রোববার সেই বেদনাদায়ক দিনের ১০ বছর পূর্তিতে ছেলের স্মরণে তিনি বলেন, " সে আমার সূর্য্যকিরণ ছিল। সে পরিপূর্ণ জীবনযাপন করতো। সে বেঁচে নেই আমি মেনে নিতে পারি না। আমি বেঁচে থাকলেও ভেতরে ভেতরে মরে গেছি।" ওদিকে, ফিলিপাইনের ম্যানিলায়ও লোকজন ফুল দিয়ে, বেলুন উড়িয়ে, প্রার্থনা করে স্মরণ করেছেন ৯/১১ হামলার শিকার আরেকজনকে। ৯/১১ এর নিহতদের আরো একজন ভারতের জুপিটার ইয়ামবেম। তিনি ওয়াল্ড ট্রেড সেন্টারের 'রুপ অফ দ্য ওয়ার্ল্ড' রেস্টুরেন্টের ব্যবস্থাপক ছিলেন। রোববার ভারতের মনিপুরে ইয়ামবেমের পরিবার ও বন্ধুরা একযোগে তার জন্য প্রার্থনা করেছে। তার বড় ভাই ইয়েমবেম লাবা বলেন, "এখন ওসামা বিন লাদের মরেছে, আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। তবে ওসামা মারা গেলেও আল কায়েদার হুমকির অবসান ঘটেনি।" ওদিকে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ফুজি ব্যাংকের নিহত ২৩ জাপানি কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানাতে টোকিওতে জড়ো হয় তাদের আত্মীয়-স্বজনরা। গ্রাউন্ড জিরো থেকে সংগৃহীত এক টুকরো স্টীলের ওপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। অস্ট্রেলিয়া ৯/১১'র ১০ বছর পূর্তিতে একতার বার্তা ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও মার্কিনিদের প্রতি 'গভীর দুঃখপ্রকাশ' করে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে একটি চিঠি পাঠিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়ুং-বাক। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়েদার ১৯জন সদস্য চারটি বিমান ছিনতাই করে বিমানগুলোকে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র, রাজধানী ওয়াশিংটনের অনতিদূরে সামরিক সদর দপ্তর পেন্টাগণে ও পেনাসালভিনিয়ার সাঙ্কশভিলে নিয়ে আছড়ে ফেলে। এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। হামলার ঘটনাগুলো স্মরণে ওবামা তিনটি হামলাস্থলই পরিদর্শনের সিদ্ধান্ত জানান। "জঙ্গিদের বিরুদ্ধে অব্যহত তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনাসদস্যদের, আমাদের গোয়েন্দাদের, আইন প্রয়োগকারী সংস্থা এবং হোমল্যান্ড সিকিউরিটিতে কর্মরতদের। এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী হয়েছে, আর আল কায়েদা পরাজয়ের পথে রয়েছে," জাতির উদ্দেশ্যে সাপ্তাহিক রেডিও ও ইন্টানেট ভাষণে শনিবার বলেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে মে মাসে পাকিস্তানে হত্যা করে। শনিবার সাঙ্কশভিলে বিমান বিধ্বস্তের স'ান পরিদর্শন করেন জর্জ বুশ। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, "ওই সকালের স্মৃতি এখনও জীবন্ত, আর তাই বেদনাটাও একইরকম জীবন্ত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমডি/এলকিউ/১৮৫৫১ঘ.