কারাকাস, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো জানালেন তিনি মারা যাননি, বরং ভেনিজুয়েলার কারাকাস, যুক্তরাষ্ট্রের মিয়ামি আর টুইটারে ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুজবে বেশ মজাই পেয়েছেন।
ভেনেজুয়েলার সরকারি টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায় ক্যাস্ত্রো নিজের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুজব নিয়ে রসিকতা করেছেন।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্যকার মারিও সিলভার সাথে তার কথোপকথনের একটি ছবি বৃহস্পতিবার ও শুক্রবার প্রকাশিত হয়। এর আগের দুই মাস কিউবার সাবেক প্রেসিডেন্ট ৮৫ বছর বয়সী ফিদেল ক্যাস্ত্রো লোকচক্ষুর আড়ালে ছিলেন।
গভীর রাতে প্রচারিত সিলভার এ টক শোতে ওই ছবিগুলোর পাশাপাশি ক্যাস্ত্রোর একটি অডিও সাক্ষাৎকার প্রচারিত হয়।
মৃত্যুর গুজব সম্পর্কে ক্যাস্ত্রো বলেন, "তারা আমাকে যত বার খুশি মেরেছে! যেন আমার মৃত্যু আমার কাছে একটি দুঃখের খবর।"
ক্যাস্ত্রো প্রায় অর্ধ শতাব্দী ধরে কিউবা শাসন করেছেন। ২০০৮ সালে অসুস্থতার কারণে তার ভাইয়ের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এসইউ/০০০২ঘ.
bdnews24