ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক প্রধান পরেশ বড়ুয়া মিয়ানমারের জঙ্গলে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তিনি চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলারও আসামি।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্থান টাইমস জানিয়েছে, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গলে দেশটির নিরাপত্তারক্ষীদের গুলিতে আহত হন পরেশ। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার একাংশ সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে 'শর্তহীন' শান্তি আলোচনা শুরু করে। গত ফেব্র"য়ারিতে উলফার একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করেন। ৩১ বছর আগে উলফার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরুর পর এটাই ছিল সরকারের সঙ্গে তাদের 'সমঝোতায়' আসার প্রথম ইংগিত।
তবে সংগঠনটির সামরিক প্রধান পরেশ ওই বৈঠকে অংশ নেননি। তার দাবি, যে কোনো আলোচনায় বসার আগে আসামের সার্বভৌমত্ব দিতে হবে।
১৯৭৯ সাল থেকে উলফার এই সশস্ত্র আন্দোলনে কয়েক হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে এসব হতাহতের ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' উল্লেখ করে সংগঠনের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক শাশা চৌধুরী বলেন, এই সময়ে ভারতীয় সেনাবাহিনীর হাতেও বহু লোক নিহত হয়েছে।
ওই সংবাদ সম্মেলনেই সরকারের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার ঘোষণা দেয় সংগঠনটি। এর আগেও একাধিকবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও দুই পক্ষের শর্তের কারণে তা ভেস্তে যায়।
'১০ ট্রাক অস্ত্র'
সম্প্রতি চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক অভিযোগপত্রেও পরেশ বড়ুয়াকে আসামি করা হয়। এই মামলায় তাকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে আদালত।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে।
গত ২৬ জুন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, এনএসআইর সাবেক দুই প্রধান এবং পরেশসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে আলোচিত এই মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী ওইদিন সাংবাদিকদের বলেন, সিইউএফএল জেটি ঘাটে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ চীনের আনা হয়েছিল নরিহো কোম্পানি থেকে।
উলফার জন্য আনা ওই অস্ত্র সমুদ্রে কোনো একটি জাহাজ থেকে খালাস করে দুটি ট্রলারের সাহায্যে সিইউএফএল ঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকেই তা উলফার হাতে পৌঁছানোর জন্য নেওয়ার কথা ছিল।
তবে কোন পথে সেসব অস্ত্র নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল- সে সম্পর্কে কিছু জানাননি তদন্ত কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৪৩০ ঘ.
bdnews24