ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি হাইকোর্টের সামনে বোমা হামলার দায়িত্ব স্বীকার করে ইমেইল পাঠানো ব্যক্তিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।
তিনি শুক্রবার নয়া দিল্লিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি মন্ত্রী। আর এ বিষয়ে তদন্তের কোনো অগ্রগতির কথাও জানাননি তিনি।
নয়া দিল্লির হাইকোর্টের প্রধান প্রবেশ পথে বুধবার সকালে ব্রিফকেসে লুকিয়ে রাখা শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটানো হলে ১২ জন নিহত হয়।
ঘটনার পরপরই পত্রিকা ও টিভি অফিসে হরকাতুল জিহাদ আল ইসলামীর (হজি) নামে পাঠানো একটি ইমেইল বার্তায় ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
জম্মু ও কাশ্মিরের যে সাইবার ক্যাফে থেকে ইমেইলটি পাঠানো হয়, তা পুলিশ ইতোমধ্যে সনাক্ত করেছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মিরের কিস্তার এলাকার ওই সাইবার ক্যাফের মালিকসহ তিন জনকে আটক করা হয়েছে।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর- হুজির পর ইনডিয়ান মুজাহিদিন নামে অন্য একটি সংগঠনের পাঠানো ইমেইলেও দিল্লি হামলার দায়িত্ব স্বীকার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮১৭ ঘ.
bdnews24