ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন মানুষের ১৫০ জন সন্তান! শুনতে একটু কেমন যেন লাগছে তাই না? তবে সত্যিই এ ঘটনাটি ঘটেছে। অবশ্য তা প্রচলিত অর্থে নয়, একটু অন্যভাবে, শুক্রাণু দানের মাধ্যমে।
সিনথিয়া ডেইলি ও তার সঙ্গী সাত বছর আগে এক শুক্রাণু দাতার সহায়তায় একটি ছেলের জন্ম দেন। তাদের ছেলে একদিন তার সৎ ভাইবোনদের কাউকে কাউকে চিনতে পারবে এ প্রত্যাশায় একই শুক্রাণু দাতার সহায়তায় জন্ম নেওয়া অন্যান্য শিশুদের খোঁজে সিনথিয়া একটি ওয়েবভিত্তিক নিবন্ধনে খোঁজ নিতে থাকেন। এ লক্ষ্যে তিনি একটি অনলাইন দলও গড়ে তোলেন।
কয়েক বছরের মধ্যে তিনি দেখতে পান, তার অনলাইন দলের সদস্য সংখ্যা বাড়ছে তো বাড়ছেই।
ওই দলের সদস্য সংখ্যা এখন ১৫০ জন, আর এরা সবাই এক দাতার শুক্রাণু থেকে জন্ম নিয়েছে বলে এনডিটিভি জানায়।
বিস্মিত সিনথিয়া জানান, তিনি যখন এদের সবাইকে একসাথে দেখেন তখন এদের প্রত্যেকের চেহারার মিল তার মধ্যে এক উদভ্রান্ত অনুভূতি তৈরি করে।
ওয়াশিংটনের সমাজকর্মী সিনথিয়া মাঝে মাঝে ছুটির দিনগুলোতে তার ছেলের দলের অন্য পরিবারের সঙ্গে সময় কাটান।
এ ধরনের ঘটনা এই একটিই নয়। আরো আছে। যদিও সিনথিয়ার দলটিই সবচেয়ে বড়। তবে এমন অনেক শুক্রাণু দাতাই আছেন যাদের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া সন্তানের সংখ্যা পঞ্চাশ বা তারও বেশী।
এ বিষয়টি নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন শুক্রাণু গ্রহীতা বাবা-মা, শুক্রাণু দাতা ও চিকিৎসা বিশেষজ্ঞরা। একজন দাতা থেকে এতো সংখ্যক বাচ্চা জন্ম নেওয়ার কিছু নেতিবাচক পরিণতির আশঙ্কা ইতিমধ্যে উঁকি দিতে শুরু করেছে।
একই পিতার এতো সন্তান থাকলে বিরল কিছু রোগের জিন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।
এছাড়া, একই ব্যক্তির শুক্রাণু থেকে জন্ম নেওয়া এসব ছেলেমেয়েদের মধ্যে যদি কখনো এমন ঘটে যে কেউ কাউকে না চিনেই বিবাহ-বন্ধনে আবদ্ধ হলো, যা হতেই পারে, তার সামাজিক প্রভাব নিয়েও মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন কোনো কোনো বিশেষজ্ঞ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/সিআর/১২৫২ ঘ.
bdnews24