ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তর স্ত্রী গুরশরণ কাউর মরণোত্তর চক্ষুদানের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় চক্ষুদান দিবসে তারা চক্ষুদান ঘোষণাপত্রে সই করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, সারাবিশ্বে প্রায় ২৮ কোটি ৪০ লাখ মানুষ চোখের সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে ৩ কোটি ৯০ লাখ মানুষ অন্ধ এবং ২৪ কোটি ৫০ লাখ চোখের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন।
চোখের সমস্যায় ভুগতে থাকাদের ৯০ শতাংশই উন্নয়নশীল দেশগুলোর বাসিন্দা।
মরণোত্তর চক্ষুদানকারীর মৃত্যুর পর তার চোখের কর্নিয়া কোনো চক্ষুরোগীর চোখে প্রতিস্থাপন করা হয়। ভারতে অনেকগুলো সংগঠন চক্ষু ব্যাংক হিসেবে কাজ করে। কর্নিয়া প্রতিস্থাপন দরকার এমন রোগীদের জন্য চক্ষুদানকারীদের কর্ণিয়ার ব্যবস্থা করে দিয়ে থাকে তারা।
কর্নিয়া হলো চোখের সামনে থাকা একটি স্বচ্ছ টিস্যু। কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগতে থাকা রোগীরা কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24