ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রাজধানী কারসনে একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
ইন্টারন্যাশনাল হাউস অব প্যানকেকসে (আইএইচওপি) এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি জানায়।
নিহত চারজনের মধ্যে তিনজনই জাতীয় নিরাপত্তা রক্ষী। আহতদের মধ্যেও কয়েকজন জাতীয় নিরাপত্তা রক্ষী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইএইচওপি'র বাইরে এক ব্যক্তি রাইফেল বের করে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তিকে লক্ষ করে গুলি চালায়। এরপর সে রেস্টুরেন্টে ঢোকে।
স্থানীয় এক রেস্টুরেন্টের মালিক সংবাদ সংস্থা এপিকে জানান, তিনি নিজস্ব অস্ত্র দিয়ে হামলাকারীকে গুলি করার চেষ্টা করেন। কিন্তু তার আগেই হামলাকারী রেস্টুরেন্টে ঢুকে পড়ে।
এডুয়ার্ডো সেনসিওন (৩২) নামের সন্দেহভাজন এ হামলাকারী একে-৪৭ রাইফেল দিয়ে রেস্টুরেন্টে গুলি চালানোর পর নিজের ওপরও গুলি চালায়। পরে রেনোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারসন শহরের পুলিশ কর্মকর্তা কেনি ফুরলং বলেন, জঙ্গিদের সঙ্গে সেনসিওনের কোনো যোগাযোগ নেই। আর জাতীয় নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালানোরও কোনো কারণ নেই।
নেভাদায় জাতীয় নিরাপত্তা রক্ষীদের একটি ঘাঁটি থেকে প্রায় চার কিলোমিটার দূরে এ রেস্টুরেন্টটি অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২২ ঘ.
bdnews24