ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বনি ওয়ালিদ শহরের নিয়ন্ত্রণে থাকা গাদ্দাফি অনুগত বাহিনীর সাথে দেশটির অন্তর্র্বতীকালীন সরকারের (এনটিসি) সমাঝোতার উদ্যোগ ব্যর্থ হয়েছে।
বনি ওয়ালিদ গাদ্দাফি অনুগতদের দখলে থাকলেও শহরটি ঘিরে রেখেছে বিদ্রোহী পক্ষের সেনারা।
গাদ্দাফিবিরোধী একজন অন্যতম সমঝোতা প্রচেষ্টাকারী বিবিসিকে জানান, শহরটির অধিবাসীরা গুলির ভয়ে শহর ত্যাগ করতে পারছে না। তিনি আশঙ্কা করছেন, অধিবাসীদের তারা (গাদ্দাফি অনুগত) মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে।
তিনি বলেন, গাদ্দাফি অনুগত বাহিনী তার সেনাদের (বিদ্রোহী সেনা) নিরস্ত্র অবস্থায় শহরে প্রবেশ করার দাবি জানিয়েছে। তিনি আরো জানিয়েছেন, বিষয়টি এখন তিনি তার সেনা কমান্ডারদের ওপর ছেড়ে দিয়েছেন।
সমঝোতার প্রচেষ্টাকারী আবদুল্লাহ কেনচিল বলেন, গাদ্দাফি অনুগতদের সাথে আলোচনা ব্যর্থ হয়েছে এবং আর শুরুর সম্ভাবনা নেই। তিনি আরো যোগ করেন, "আমি সেনা কমান্ডারদের ওপরই এ সমস্যা সমাধানের বিষয়টি ছেড়ে দিচ্ছি।"
এদিকে, গাদ্দাফির এক ছেলে সাদি গাদ্দাফি তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছে, সাইফ আল ইসলামের জন্যই আলোচনা ব্যর্থ হয়েছে।
সিএনএনকে সাদি বলেন, গত কয়েকদিন আগে সাইফ আল ইসলামের উস্কানিমূলক কথা-বার্তার জন্যই আলোচনার সম্ভাবনা উড়ে গেছে।
বনি ওয়ালিদ থেকে খানিক দূরে মার্কিন ওই সংবাদ সংস্থাকে সাদি এই কথা বলেন।
এর আগে কেনচিল বিবিসিকে বলেন, বনি ওয়ালিদের দুই কর্নেল ও অন্যান্য বাহিনীগুলো এখনো হুমকি।
তিনি বলেন, তাদের অস্ত্র সমর্পণে রাজি করানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। এটি তাদের সেনা সামর্থ্যরে জন্য নয়, সাধারণ জনগণের জন্য হুমকি বিধায় এই চেষ্টা চালানো হচ্ছে।
কেনচিল বলেন, "আমরা চাই না বনি ওয়ালিদের কারো কোনো ক্ষতি হোক। আমরা শান্তিপূর্ণভাবে সেখানে যেতে চাই, জনগণ নিরাপদ থাকবে তা চাই। কিন্তু তা না হলে তাদের (জনগণ) মানবঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে কিংবা সমর্থন না করলে তাদের ওপর প্রতিশোধ নিতে পারে।"
তিনি আরো যোগ করেন, "মানুষ এমন কি বাজারেও যেতে পারছে না। আমার জনগণকে বলেছি, এই শহরে প্রবেশ কিংবা শহর ছেড়ে যাওয়ারও প্রয়োজন নেই।"
এদিকে, অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়, এটি নিশ্চিত যে, কর্নেল গাদ্দাফির ছেলে খামিস নিহত হয়েছেন। ত্রিপোলির কাছাকাছি এক যুদ্ধে তিনি নিহত হয়েছেন। তাকে বনি ওয়ালিদে সমাহিত করা হয়েছে।
এ ছাড়া সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ সেনুসির ছেলে মোহাম্মাদও নিহত হয়েছেন।
ওই দু'জনের নিহত হওয়ার সম্পর্কে বিস্তারিত আর কোনোকিছু জানানো হয় নি।
লিবিয়ায় গণআন্দোলন ও গৃহযুদ্ধ শুরু হওয়ার পর খামিস নিহত হয়েছে বলে বিদ্রোহীদের পক্ষ থেকে আরো দু'বার দাবি করা হয়।
গাদ্দাফি বাহিনীর দখলে থাকা বনি ওয়ালিদ শহরটি রাজধানী ত্রিপোলি থেকে ৯৫ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এটি আদিবাসী অধ্যুষিত শহর।
জানা গেছে, বিদ্রোহী সেনারা তিন দিক থেকে বনি ওয়ালিদের দিকে অগ্রসর হচ্ছে।
এই শহর ছাড়াও গাদ্দাফির জন্ম শহর সির্তও গাদ্দাফি অনুগত বাহিনীর দখলে রয়েছে।
এনটিসি'র চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিল বলেন, রক্তপাত এড়াতে গাদ্দাফিপন্থীদের দখলে থাকা অঞ্চলে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি আত্মসমর্পণের জন্য সময় দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৮ ঘ.
bdnews24