২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের অঙ্গীকার ওবামার

ঘূর্ণিঝড় আইরিনে ক্ষতিগ্রস্ত পূর্ব উপকূলীয় অঞ্চলে কেন্দ্রীয়ভাবে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 04:53 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইরিনে ক্ষতিগ্রস্ত পূর্ব উপকূলীয় অঞ্চলে কেন্দ্রীয়ভাবে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আইরিনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নিউ জার্সি সফরে তিনি এ অঙ্গীকার করেন বলে বিবিসি জানায়। নিউ জার্সির তৃতীয় বৃহত্তম শহর প্যাটারসনে ওবামা বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান নিশ্চিত করতে যাচ্ছি আমরা। ক্ষতিগ্রস্তদের সাথে পুরো দেশ রয়েছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, "জরুরি ত্রাণ পেতে দেরি হবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি এ বিষয়টি স্পষ্ট করে বলছি যে, আমরা আমাদের প্রধান চাহিদাগুলো পূরণ করতে যাচ্ছি।" এর আগে পার্শ্ববর্তী ওয়েন শহরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সফরকালে নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি তার সঙ্গে ছিলেন। ওবামা বলেন, "আমি জানি এখন একটি কঠিন সময় যাচ্ছে। আপনাদের সহয়তায় আমরা যা পারি তার সব কিছু করব।" আইরিনের ক্ষতি কাটিয়ে উঠতে বাড়তি ফান্ডের জন্য ওবামা কংগ্রেসে আবেদন করবেন বলে আশা করা হচ্ছে। তবে এক্ষেত্রে কয়েকজন রিপাবলিকানের বিরোধিতার মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে। আইরিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার কোটি মার্কিন ডলার। এর আঘাতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৯ ঘ.