প্যারিস, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়ে পরে নিস্কৃতি পাওয়া সাবেক আইএমএফ প্রধান দমিনিক স্ত্রস-কান নিজ দেশ ফ্রান্সে ফিরেছেন।
ফ্রান্সের স্থানীয় সময় রোববার সকাল ৭ টায় তিনি স্ত্রী অ্যান সিনক্লেয়ারকে নিয়ে প্যারিসের শার্ল দ্যা গল বিমানবন্দরে এসে নামেন।
গাড়িতে ওঠার আগ পর্যন্ত বিমানবন্দরে কান দম্পতিকে পুলিশ ঘিরে রাখে। এসময় গণমাধ্যমের কর্মীরা বিমানবন্দরে ভিড় করে থাকলেও পুলিশ তৎপরতায় তারা কানের কাছে পৌঁছতে পারেননি।
বিমানবন্দরে নামার ঘন্টাখানেকর মধ্যেই স্ত্রস-কান প্যারিসের কেন্দ্রস্থলে তার বিলাসবহুল এ্যাপার্টমেন্ট প্যালেস দ্যা ভঁসেজে পৌঁছে যান। স্যুট পরিহিত কান হাসিমুখে গাড়ি থেকে নেমে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মৌন অভিবাদন জানান। কোন মন্তব্য না করে ফটোসাংবাদিকদের সমুদ্রসম ক্যামেরার ফ্লাশের মধ্যদিয়ে তিনি বাসার উদ্দেশ্যে পা বাড়ান।
দেশ ছাড়ার তিন মাস পর তিনি দেশে ফিরলেন। এ তিন মাস তাকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে।
নিউ ইয়র্কের এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে গত ১৪ মে গ্রেপ্তার করা হয় ওই সময় আইএমএফের প্রধান দমিনিক স্ত্রস-কানকে। ধর্ষণ চেষ্টার অভিযোগে নিউ ইয়র্কের পুলিশ এয়ার ফ্রান্সের বিমান থেকে তাকে বের করে আনে। এরপর হাতকড়া পরিয়ে তাকে নিউ ইয়র্কের কুখ্যাত রিকার্স দ্বীপের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু অভিযোগকারী ৩২ বছর বয়সী হোটেল কর্মী নাফিসাতৌ দিয়াল্লোর সাক্ষ্যে গড়মিলের অভিযোগ তুলে স্ত্রস-কানের আইনজীবীরা আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করার আবেদন জানান।
নিউ ইয়র্কের আদালত ২৩ অগাস্ট স্ত্রস-কানের বিরুদ্ধে আনা সব ফৌজদারী অভিযোগ বাতিল করে তাকে বেকসুর খালাস দেয়। এর আগ পর্যন্ত তিনি জামিনে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে একটি বিলাসবহুল বাড়িতে অবস্থান করছিলেন। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আদালত থাকে নিউ ইয়র্কে অবস্থানের আদেশ দিয়েছিল।
সাবেক আইএমএফ প্রধান বরাবরই যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৬০৭ ঘ.
bdnews24