২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে বিমান নিখোঁজ, সব আরোহীর মৃত্যুর আশঙ্কা

চিলির বিমানবাহিনীর একটি বিমান প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হয়েছে। এতে থাকা ২১ জন আরোহীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

সান্তিয়াগো, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির বিমানবাহিনীর একটি বিমান প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হয়েছে। এতে থাকা ২১ জন আরোহীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটি শুক্রবার দুর্গম জুয়ান ফার্নান্দেজ দ্বীপের উদ্দেশে যাচ্ছিল। চিলির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেস আলামান্দ জানান, ক্যাসা-২১২ বিমানটি নিখোঁজ হওয়ার আগে দুইবার দ্বীপটির বিমানবন্দরে অবতরণের চেষ্টা চালায়। এরআগে দেশটির বিমান বাহিনী বলেছিল, "দ্বীপের কাছাকাছি যাওয়ার পর বিমানটির সাথে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।" ইতোমধ্যে নিখোঁজ বিমানের সন্ধানে তৎপরতা শুরু করেছে নৌ ও বিমান বাহিনী। নৌবাহিনীর একটি ফ্রিগেড এবং বিমান বাহিনীর হারকিউলিস ১৩০ বিমানের মাধ্যমে নিখোঁজ বিমানের সন্ধান চালানো হচ্ছে। জুয়ান ফার্নান্দেজ দ্বীপের মেয়র গঞ্জালেজ জানান, আবহাওয়া খুবই বিরূপ ছিল, প্রচুর বাতাস বইছিল। যাত্রীদের কিছু মালামাল পানিতে ভেসে থাকতে দেখা গেছে। সরকারি টেলিভিশনকে মেয়র বলেন, পানিতে কিছু মালামাল ভেসে থাকায় বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে বলে আমরা অনুমান করছি। এ ঘটনাকে দেশের জন্য বিশাল এক আঘাত আখ্যা দিয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা নিখোঁজ ২১ যাত্রীর ভাগ্যে ঠিক কি ঘটেছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দেশটির জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ফিলিপ ক্যামিরোয়াগাও ওই বিমানে ছিলেন। তার কর্মস্থল টিভিএন চ্যানেল জানায়, ক্যামিরোয়াগাসহ তাদের প্রতিষ্ঠানের ৫জন কর্মী ওই বিমানে ছিলেন। সান্তিয়াগোতে টিভিএন'র প্রধান কার্যালয়ের গেটে ক্যামিরোয়াগার ভক্তরা মোমবাতি জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করেন। গত বছর ওই দ্বীপটিতে ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। দ্বীপটিতে ওই দুর্যোগের পরবর্তী অবস্থা সম্পর্কে প্রতিবেদন তৈরির উদ্দেশ্যেই ৪৪ বছর বয়সী ক্যামিরোয়াগাসহ টিভিএন'র কর্মীরা সেখানে যাচ্ছিল। চিলির উপকূল থেকে জুয়ান ফার্নান্দেজ দ্বীপটির দূরত্ব প্রায় ৪২০ মাইল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.