ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে এখনো নির্দোষ মনে করলেও অভিসংশন প্রক্রিয়ার মাঝপথেই পদত্যাগ করেছেন ভারতের হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেন।
তিনি বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে পদত্যাগপত্র পাঠান বলে তার কৌঁসুলির উদ্ধৃতি দিয়ে কলকাতার দৈনিকগুলো জানিয়েছে।
ভারতের রাজ্যসভায় অভিশংশিত প্রথম বিচারক সৌমিত্র চিঠিতে লিখেছেন- জনপ্রতিনিধিদের মনোভাবকে সম্মান জানিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়াতে চান। তবে নিজেকে 'নির্দোষ' বলেই মনে করেন তিনি।
গত ১৮ অগাস্ট রাজ্যসভায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্রের ওপর অনাস্থা প্রস্তাব পাস হয়। পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রস্তাব আগামী সপ্তাহে লোকসভায় উঠার কথা ছিলো। সেখানের প্রস্তাবটি পাস হলে সৌমিত্রকে বরখাস্তের আদেশ দিতো সরকার।
রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর পরে লোকসভার স্পিকার মীরা কুমারের কাছেও একটি চিঠি পাঠান সৌমিত্র।
কলকাতা হাইকোর্টের এ বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার পরই রাজ্যসভা অভিশংসনের পদক্ষেপ নেয়।
সৌমিত্রকে অভিশংসনে রাজ্যসভায় প্রস্তাব আনেন বামপন্থী দল সিপিএম'র পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। ১৯ অগাস্ট এ বিষয়ে ভোটাভুটি হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৮৯টি, বিপক্ষে ১৭টি।
সৌমিত্র সেনের বিরুদ্ধে ১৯৮৩ সালে হাইকোর্টের এক মামলা রিসিভার নিযুক্ত হওয়ার পর ২৪ লাখ টাকার বেশি অর্থ আদালতে জমা না দিয়ে নিজের কাজে ব্যয় করার অভিযোগ ওঠে। এ অভিযোগ তদন্ত করতে রাজ্যসভার সভাপতি হামিদ আনসারী একটি বিশেষ কমিটি গঠন করেন, যা এ অভিযোগের সত্যতা খুঁজে পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১১২৫ ঘ.
bdnews24