কোয়েটা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-পাকিস্তানের কোয়েটায় একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে বুধবার অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন।
শ'শ' মানুষ ঈদের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোনোর সময় একটি পার্কি লটে বোমাটি বিস্ফোরিত হয়। এতে অন্তত ১০ টি গাড়িতে আগুন ধরে যাওয়া ছাড়াও আশেপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ঘন কালো ধোঁয়ার মধ্যে লোকজন রাস্তায় দৌড়াচ্ছে। আ্যম্বুলেন্স আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যে এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তা সংখ্যালঘু শিয়া মুসলিম অধ্যুষিত এলাকা।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গাড়িটি দাঁড় করিয়ে রাখা ছিলো। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা।
শীর্ষ পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে অতীতে এ অঞ্চলে এ ধরনের হামলার জন্য জাতিগত বেলুচ জঙ্গিদের দায়ী করা হয়ে থাকে।
তবে আল-কায়েদা সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠীও ওই এলাকায় সক্রিয় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০১৫০ঘ.
bdnews24