২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিনে প্রাণহানি বাড়ছে, ভারমন্ট-নিউ জার্সি বন্যাকবলিত

যুক্তরাষ্ট্রে হারিকেন আইরিনে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নিউ জার্সি ও ভারমন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ফেয়ারফিল্ড, এন.জে./ব্রাটলবোরো, ভারমন্ট, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে হারিকেন আইরিনে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নিউ জার্সি ও ভারমন্ট। উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে তিনদিন পর্যন্ত বন্যার পানি থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নর্থ ক্যারোলাইনা থেকে ভারমন্ট পর্যন্ত তাণ্ডব ঘটিয়ে কানাডার দিকে সরে গেছে আইরিন। এ ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের ১১ টি রাজ্যে ৪০ জনের প্রাণহানি হওয়ার খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্কে এখন স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে শুরু করলেও দুর্ভোগ পোহাচ্ছে বন্যাকবলিত ভারমন্ট, নিউ জার্সির মানুষ। ভারমন্টে ভেসে গেছে সেতু। প্লাবিত হয়েছে শহর। ১৯২৭ সালের পর ভারমন্টে এবারের বন্যাই সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওদিকে, নিউ জার্সিতে পেসাইক নদীর কাছাকাছি ২০ টি বাড়ি বন্যায় ভেসে গেছে। ওইসব এলাকার কোন কোন স্থানে পানির উচ্চতা কমপক্ষে ৫ ফুট। বুক সমান বন্যার পানি ভেঙে চলাফেরা করছে অনেকেই। আবার অনেকে বাসায় বসে উঁকি দিয়ে বন্যা পরিস্থিতি দেখছে। এক অধিবাসীর উক্তি, "এমন ভয়াবহ বন্যা আমি আর দেখিনি। ১৯৬৮, ১৯৮৪ সালের বন্যার চেয়েও এ বন্যা ভয়াবহ"। আগামী কয়েকদিনে নিউ জার্সির হাজার হাজার মানুষ বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক উপড়ে পড়া গাছ এবং এগুলোর শাখা-প্রশাখায় বন্ধ হয়ে আছে রাস্তাঘাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৯ঘ.