২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অর্থমন্ত্রী নোদা

জাপানের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির (ডিপিজে) নতুন প্রধান নির্বাচিত হয়ে দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

টোকিও, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির (ডিপিজে) নতুন প্রধান নির্বাচিত হয়ে দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা। জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান গত শুক্রবার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর দলীয় নেতৃত্বের লড়াইয়ে দু'দফা ভোটে বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদাকে হারিয়ে জয়ী হন নোদা। ডিপিজের প্রধান নির্বাচনে কোনো প্রার্থী স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অর্থমন্ত্রী নোদা ও বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদার মধ্যে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়। নোদা ২১৫ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে কাইয়েদা পান ১৭৭ ভোট। মঙ্গলবার পার্লামেন্ট ৫৪ বছর বয়সী নোদাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর পারমাণবিক বিপর্যয় মোকাবেলায় নাওতো কানের ভূমিকা কঠোর সমালোচনার শিকার হওয়ায় এবং জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে কানের পর নতুন প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে বিশ্লেষকদের ধারণা। বিভক্ত পার্লামেন্ট এবং ক্ষমতাসীন দলে বিরোধ মেটানোর চেষ্টা করতে হবে তাকে। এছাড়াও, ইয়েন সমস্যা সমাধান, দুর্যোগ পরবর্তী অবকাঠামো নির্মাণ, সুনামির পর পরমাণু সংকট নিস্পত্তির পর নতুন জ্বালানি নীতিমালা ও সামাজ কল্যাণমূলক কাজের তহবিল সংগ্রহ করাসহ বিপুল ঋণ নিয়ন্ত্রণের নানা চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। শুধু তাই নয়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ক্ষমতায় টিকে থাকাটাই এখন ডেমোক্র্যাটদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপক পরিবর্তনের প্রতিশ্র"তি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে ডিপিজে। ফ্লিপফ্লপ নীতিমালা, সিদ্ধান্তহীনতা ও দুর্যোগ মোকাবেলায় অদক্ষতার কারণে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এ দলটির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৮ঘ.