কাঠমাণ্ডু, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নেপালের পার্লামেন্ট রোববার মাওবাদী নেতা বাবুরাম ভট্টরাইকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহের অচলাবস্থার পর দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলো।
নির্বাচিত হয়েই ভট্টরাই বলেন, শান্তি প্রক্রিয়া শেষ করা এবং নতুন সংবিধান রচনার প্রস্তুতি নেওয়াকেই আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবো।
'ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অব নেপাল'(মাওবাদী) নেতা ভট্টরাই তার প্রতিপক্ষ 'নেপালি কংগ্রেস পার্লামেন্টারি পার্টি' নেতা রাম চন্দ্র পৌদেলকে পরাজিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার পক্ষে পড়ে ৩৪০ এবং বিপক্ষে পড়ে ২৩৫ ভোট।
২০০৮ সালে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ডের সরকারে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন ভট্টরাই।
প্রচণ্ডের পর ৫৭ বছর বয়সী বাবুরাম ভট্টরাই মাওবাদীদের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি নির্বাচিত হওয়ায় নেপালে রাজনৈতিক অচলাবস্থা অবসানের পথ সুগম হলো।
নেপালের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সংঘাতে প্রচণ্ডের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে অচলাবস্থা দেখা দেয়।
৭ মাস ধরে প্রায় ১৭ দফা ভোটের পর এ বছর ৩ ফেব্র"য়ারিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঝল নাথ কানাল। কিন্তু শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ১৪ অগাস্টে তিনি পদত্যাগ করেন।
এরপর জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাম বরণ যাদবের নেতৃত্বে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করলো পার্লামেন্ট।
প্রায় ১৯ হাজার সাবেক মাওবাদী গেরিলার পূনর্বাসন এবং সমন্বয় সাধন করাসহ দেশের প্রথম প্রজাতান্ত্রিক সংবিধান রচনার কাজ তদারকের গুরুদায়িত্ব রয়েছে ভট্টরাইয়ের ওপর।
এই দুটোই ২০০৬ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির অন্যতম শর্ত। যে শান্তি চুক্তির মধ্য দিয়ে নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের অবসান ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৮ঘ.
bdnews24