ইসলামাবাদ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñপাকিস্তানের নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমস্ত সম্পত্তি এবং ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে রাওয়ালপিণ্ডি আদালত।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে মুশাররফের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছেন এক আইনজীবী।
পাকিস্তানে মুশাররফের শাসনামলে ২০০৭ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারাভিযানকালে রাওয়ালাপিন্ডিতে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির ভুট্টো। বেশ কয়েক বছর স্বেচ্ছানির্বাসন শেষে বেনজির দেশে ফিরে ওই প্রচারাভিযান চালাচ্ছিলেন।
তাকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থতার মামলায় মুশাররফের বিরুদ্ধে চলতি বছর ফেব্র"য়ারিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাওয়ালপিণ্ডির দুর্নীতি-বিরোধী ওই আদালত।
কিন্তু মুশাররফের কাছ থেকে কোনো সাড়া না মেলায় আদালত পরবর্তীতে তাকে ফেরারি ঘোষণা করে।
এতেও মুশাররফ কোনো সাড়া না দেওয়ায় শনিবার আদালত তার সমস্ত সম্পত্তি ও পাকিস্তানি ব্যাংক একাউন্ট জব্দের এ আদেশ দিলো।
সরকারি আইনজীবী চৌধুরী জুলফিকার আলি রয়টার্সকে বলেন, "বেনজির হত্যা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ আদেশ জারি হয়েছে।"
ইসলামাবাদে একটি খামারবাড়ি, বেশ কয়েকটি জমি ও ব্যাংক একাউন্ট মিলিয়ে মুশাররফের মোট সম্পত্তির পরিমাণ ৯ কোটি পাকিস্তানি রুপি (১০ লাখ মার্কিন ডলার)।
রাওয়ালাপিণ্ডির কারাগারে রুদ্ধদ্বার অধিবেশনে বেনজির হত্যা মামলার বিচার চলছে। একই মামলায় সেখানে সন্দেহভাজন পাঁচ ইসলামি জঙ্গি ও দুই পুলিশ কর্মকর্তারা বিচার হয়েছে। মুশাররফ বরাবরই বিচার এড়িয়ে আসছেন।
মুশাররফের সহযোগী এ মামলাকে 'ভিত্তিহীন' ও 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' উল্লেখ করে তা প্রত্যাখান করেছেন।
মুশাররফের মুখপাত্র ফায়াদ চৌধুরী রয়টার্সকে বলেন, "দেশে বিশৃঙ্খলা, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে এ মামলা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৪ ঘ.
bdnews24