ত্রিপোলি, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফি বাহিনীর কাছ থেকে রাজধানী ত্রিপোলির দখল নিতে বিদ্রোহীদের তেমন বেগ পেতে না হলেও যতোই দিন যাচ্ছে, উভয়পক্ষের নির্বিচারে গণহত্যার প্রমাণ বেরিয়ে আসছে ধীরে ধীরে।
গাদ্দাফির পতনের এক সপ্তাহ পরও ত্রিপোলির বাতাস ভারি হয়ে আছে পচা লাশের দুর্গন্ধে। পোড়া ধ্বংসাবশেষের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িঘর। শহরে বিদ্যুৎ নেই, নেই পানি বা ওষুধও। এই দুরবস্থার মধ্যে কার্যকর কোনো সরকারও নেই দেশটিতে ।
ত্রিপোলির অধিকাংশ এলাকা বিদ্রোহীদের দখলে থাকলেও এখনো অস্থিতিশীল শহরটিতে রাতভর মেশিনগানের গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ত্রিপোলিতে লড়াই কমে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু লাশ গাদ্দাফি অনুগত সেনাদের, বাকিরা নির্বিচার গণহত্যার শিকার বলেই ধারণা করা হচ্ছে।
এর মধ্যে ত্রিপোলির একটি পরিত্যাক্ত হাসপাতালে অনেকগুলো লাশ পাওয়া যায়। লড়াই শুরুর পর চিকিৎসকরা হাসপাতালটি ছেড়ে চলে যান।
যুক্তরাজ্যের স্কাই নিউজ শনিবার জানিয়েছে, ত্রিপোলির একটি গুদামে প্রায় ৫৩ জনের পোড়া দেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে। গাদ্দাফির পতনের সময় তাদের পুড়িয়ে মারা হয় বলে ধারণা করা হচ্ছে।
ত্রিপোলির তাজুরা এলাকায় একটি কবরে মাটিচাপা দেওয়া হয় ২২ জন আফ্রিকানকে। এরা গাদ্দাফির ভাড়াটে সেনা বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের হাত পিছমোড়া করে বাঁধা ছিল।
স্থানীয় বাসিন্দা হিতাম মোহাম্মদ জানান, বিদ্রোহীরা এই আফ্রিকানদের আত্মসমর্পণ করতে বলেছিল। তা না করায় এই পরিণতি।
এদিকে বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফির নিজের শহর সির্তের দখলে নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তবে তার আগে গাদ্দাফির অনুগতদের তারা আত্মসমর্পণের আহ্বান জানাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/০১১৬ ঘ.
bdnews24