চিত্রাল, পাকিস্তান, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের চিত্রাল জেলায় আফগান সীমান্ত পাড়ি দিয়ে আসা জঙ্গিদের হামলায় তিন সেনা নিহত ও চারজন আহত হয়েছে।
শনিবার সীমান্তবর্তী আরান্ডু গ্রামে চিত্রালের আধা সামরিক বাহিনীর ছয়টি তল্লাশি চৌকিতে এ হামলা চালানো হয় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান। বেশ কয়েকবছর ধরে অঞ্চলটিতে তালেবান জঙ্গিরা সক্রিয় রয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, "জঙ্গিরা তল্লাশি চৌকিতে ভারি অস্ত্র ও মর্টার হামলা চালায়।"
এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানান নি।
তবে এ এলাকার এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলাকারীরা সংখ্যায় কয়েকশ' ছিলো।
সা¤প্রতিক মাসগুলাতে আফগান সীমান্ত পাড়ি দিয়ে জঙ্গিদের পাকিস্তানে চালানো হামলার সংখ্যা বেড়ে গেছে। বিষয়টি পাকিস্তান ও আফগানিস্তানের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। উভয় দেশই তালেবান ও আল কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে।
বিশ্লেষকরা জানান, সেনাবাহিনীর অভিযানের মুখে আফগানিস্তানে পালিয়ে যাওয়া পাকিস্তানি তালেবান যোদ্ধারা সংগঠিত হয়ে নিজ দেশের সীমান্ত অঞ্চলের জন্য হুমকিতে পরিণত হয়েছে।
গত জুলাই মাসে পাকিস্তানের দির অঞ্চলে আফগানিস্তানের প্রায় ৬শ' জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে হামলা চালায়। ওই হামলায় ৪৫ জন জঙ্গি ও পাকিস্তানের ২৭ কর্মকর্তা নিহত হয়।
সীমান্ত এলাকায় জঙ্গিদের বসবাসের সুযোগ করে দেওয়ায় আফগানিস্তানকে দোষারোপ করে আসছে পাকিস্তান।
অন্যদিকে গত কয়েক মাসে সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর হামলায় বেশ কয়েকজন বেসামরিক আফগান নিহত হয়েছে বলে কাবুল অভিযোগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৪৫ ঘ.
bdnews24