মন্টেররেই, মেক্সিকো, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর উত্তরাঞ্চলীয় মন্টেররেই শহরে বৃহস্পতিবার একটি ক্যাসিনোতে অস্ত্রধারীদের হামলায় ৫১ জন নিহত হয়েছে।
হামলার পর আগুন ধরে যাওয়া ক্যাসিনো রয়্যাল নামে ওই ভবনের ভেতরে জুয়াড়িরা আটকা পড়েছে।
মেক্সিকোর নুভো লিও রাজ্যের আইন কর্মকর্তা আদ্রিয়ান দো লা গাজরার বরাত দিয়ে মিলেনিও টেলিভিশন চ্যানেল এখবর জানিয়েছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি মিলেনিও টিভি চ্যানেলকে জানান, চারটি ট্রাকে করে সশস্ত্র একদল মুখোশধারী ক্যাসিনোতে ঢুকে বিস্ফোরণ ঘটায় এবং জুয়াড়িদের হুমকি দেয়। এরপর তারা গ্যাস ¯েপ্র করে ভিতরে আগুন ধরিয়ে দেয়।
হামলার পর অনেকেই আত্মরক্ষার্থে টয়লেটে প্রবেশ করলেও ধোঁয়ার কারণে মৃত্যু ঘটে তাদের।
নির্মাণাধীন পার্শ্ববর্তী একটি ভবন থেকে উদ্ধারকারীরা ক্যাসিনোর দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
এদিকে প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরোন টুইটারে এ হামলাকে 'বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে উল্লেখ করে সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।
টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জাতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আলেজান্দ্রো পোইরে বলেন, সহিংসতা বন্ধ ও হামলাকারীদের গ্রেপ্তারে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে।
মেক্সিকোতে ক্যাসিনো দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। কিন্তু সা¤প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ক্যাসিনোয় হামলা চালানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৭ ঘ.
bdnews24