কায়রো, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার রাজধানীকে শত্র"মুক্ত ও শুদ্ধ করতে অনুসারীদের ত্রিপোলি অভিমুখে যাত্রা করার আহ্বান জানিয়েছেন দেশটির চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি।
বৃহস্পতিবার একটি টেলিভিশনে প্রচারিত অডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
লিবিয়ার সব গোত্রকে ত্রিপোলিতে সমবেত হয়ে 'বিদেশি চরদের' বিতাড়িত করার আহ্বান জানিয়ে গাদ্দাফি বলেন, "এই দেশ শুধু লিবিয়ার জনগণের, কোনো বিদেশি চরের জন্য নয়। এই দেশ সম্রাজ্যবাদীদের নয়, নয় ফ্রান্সের, নয় সারকোজির কিংবা ইতালির।"
"ত্রিপোলি তোমাদের জন্য, যারা ন্যাটোতে বিশ্বাস করে তাদের জন্য নয়," যোগ করেন কর্নেল গাদ্দাফি।
গাদ্দাফির দুর্গ দখলের এক দিনের মাথায় বুধবার তাকে হত্যা অথবা জীবিত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে বিদ্রোহী বাহিনী।
বুধবার আল উরুবাহ টেলিভিশনে গাদ্দাফির এক অডিওবার্তা প্রচারের পর বিদ্রোহীদের পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
ওই অডিও বার্তায় বলা হয়, কর্নেল মুয়াম্মার গাদ্দাফি এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। মৃত্যু অথবা জয় এ দুটোর একটিকেই তিনি বেছে নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএইচ/এএল/২৩৪৪ ঘ.
bdnews24