ত্রিপোলি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শেষ মুহূর্তের লড়াই চালিয়ে যাচ্ছে গাদ্দাফি অনুগত সেনা ও বিদ্রোহীরা। ত্রিপোলির মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে লড়াই চলছে।
বিদ্রোহীদের রুখে দাঁড়াতে মরিয়া গাদ্দাফি অনুগত সেনারা। ওদিকে, জয় সুনিশ্চিত করতে মরিয়া বিদ্রোহীরাও। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ন্যাটো বিমান হামলা। বিমান থেকে বোমা হামলায় কেঁপে উঠছে ত্রিপোলি।
বুধবার রিক্সস হোটেলের বাইরে বিদ্রোহীরা নতুন করে গাদ্দাফি অনুগত সেনাদের সঙ্গে লড়াই শুরু করেছে। ফলে আটকা পড়েছে ওই হোটেলের প্রায় ৩৫ জন বিদেশি সাংবাদিক।
অন্যদিকে, ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কয়েকটি রকেট হামলা হয়েছে। বিমানবন্দর এখনো বিদ্রোহীদের দখলে থাকলেও এলাকার দখল ধরে রাখতে লড়ছে তারা।
নাটকীয় অগ্রযাত্রার পরও গাদ্দাফি অনুগত সেনাদের প্রবল প্রতিরোধের মুখে ত্রিপোলিজুড়ে বেশ কয়েকটি এলাকায় লড়াইয়ে পেতে বেগ পেতে হচ্ছে বিদ্রোহীদের।
বাব আল আজিজিয়া কম্পাউন্ডে বিদ্রোহীদের ওপর গাদ্দাফি বাহিনীর মর্টার হামলা চলছে।
অধিকাংশ এলাকা বিদ্রোহীদের দখলে থাকলেও বেশ কিছু জায়গায় এখনো অবস্থান করছে গাদ্দাফি বাহিনী।
ন্যাটো গাদ্দাফি বাহিনীর কোন অবস্থানে হামলা চালাচ্ছে তা পরিস্কার জানা যায়নি। তবে আল আরাবিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, ত্রিপোলির পশ্চিমে জুয়ারা এবং আজেলাত শহরে ন্যাটো বিমান হামলা চলছে।
লড়াই শেষের পথে চলে এলেও এখনো তা শেষ হয়নি বলে সতর্ক করেছেন এক ন্যাটো কর্মকর্তা। আরো কোনো জায়গায় গাদ্দাফি অনুগত বাহিনী অবস্থান নিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওদিকে, গাদ্দাফি এখনো লাপাত্তা। অজ্ঞাতস্থান থেকেই তিনি ত্রিপোলিকে বিদ্রোহীমুক্ত করার ডাক দিয়েছেন।
লোকচক্ষুর অন্তরালে ত্রিপোলি পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তিনি। ত্রিপোলি কোনো বিপদের মুখে নেই- এমন দাবিও করেছেন গাদ্দাফি।
ত্রিপোলি ও এর বাইরে গাদ্দাফি ও তার পরিবারের সদস্যদের জন্য কয়েকটি নিরাপদ জায়গা আছে বলে ধারণা করা হয়। তবে গাদ্দাফির নিজ শহর সিরত এ পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।
সাবহা এলাকাটি গুরুত্বপূর্ণ সেনা ও বিমানঘাঁটি। গাদ্দাফি সেখানে পৌঁছতে পারলে সহজেই নাইজার কিংবা চাদ এ পালিয়ে যেতে পারবেন।
এক বিদ্রোহী মুখপাত্র বিবিসিকে বলেছেন, লড়াইয়ের শান্তিপূর্ণ অবসানের লক্ষ্যে সাবহা এবং সিরত এ আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৭ঘ.
bdnews24