মস্কো, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বুধবার পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিরল বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল।
২০০২ সালের পর এটিই রাশিয়ায় কিমের প্রথম সফর। সাইবেরিয়ার একটি সামরিক ঘাঁটিতে মেদভেদেভের সঙ্গে বৈঠক করেন কিম।
এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরারই সম্ভাবনা জেগে উঠেছে।
উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কয়েক সপ্তাহের বৈঠকের পর কিম এ সফরে গেলেন।
তিনদিনের ট্রেন ভ্রমণে রাশিয়ায় পৌঁছান কিম। ৬৯ বছর বয়স্ক কিম বিমানভীতির কারণে ট্রেনে ভ্রমণ করেন।
উত্তর কোরিয়া থেকে রাশিয়ার বারইয়াতিয়া পর্যন্ত তিনদিনের ট্রেন ভ্রমণ বেশ উপভোগ করেছেন বলেই মেদভেদেভকে জানান তিনি।
দুজনের বৈঠক সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ এর মুখপাত্র জানান, 'খুবই খোলামেলা এবং বস্তুনিষ্ঠ' আলোচনা হয়েছে।
গ্যাস পাইপলাইন নিয়ে রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রোমের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা চলছে। মেদভেদেভের মুখপাত্র এ ব্যাপারে একটি চুক্তি হওয়ার আশা প্রকাশ করেছেন।
ওদিকে, দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানো বন্ধ করা এবং নিঃশর্তে ছয়জাতি আলোচনায় ফিরতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৫ঘ.
bdnews24