২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রস কানের বিরুদ্ধে মামলা খারিজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানের বিরুদ্ধে এক হোটেল পরিচারিকার দায়ের করা যৌন হয়রানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানের বিরুদ্ধে এক হোটেল পরিচারিকার দায়ের করা যৌন হয়রানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। কানকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ঠ প্রমাণ পাওয়া যায় নি বলে মঙ্গলবার নিউইয়র্ক আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। চলতি বছরের মে মাসে আইএমএফ'র তৎকালীন প্রধান ডমিনিক স্ট্রস কানের বিরুদ্ধে নিউইয়র্কের হোটেলকর্মী ৩২ বছর বয়সী নাফিসাতো ডায়ালো যৌন হয়রানির অভিযোগ তোলেন। তার অভিযোগের ভিত্তিতে নিউ ইয়র্কের পুলিশ প্যারিসগামী একটি বিমান থেকে গত ১৪ মে স্ট্রস কানকে গ্রেপ্তার করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রবল চাপের মুখে আইএমএফ'র প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন স্ট্রস কান। তবে এখনই স্ট্রস কানকে মুক্ত মানুষ বলা যাবে না। কেননা চলতি মাসেই হোটেলকর্মী ডায়ালো সিভিল স্যুইটে অভিযোগ দায়ের করায় এর মুখোমুখি হতে হবে কানকে। এছাড়াও স্ট্রস কানের বিরুদ্ধে ফ্রান্সের নারী লেখক ত্রিস্তান ব্যানোনের অভিযোগটি এখনও বিবেচনায় রেখেছে ফ্রান্স কর্তৃপক্ষ। ২০০৩ সালে ব্যানোন একটি সাক্ষাৎকার নিতে গেলে স্ট্রস কান তাকে ধর্ষণের চেষ্টা চালান বলে ওই লেখক অভিযোগ করেছেন। ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ৬২ বছর বয়স স্ট্রস কান স্যোসালিস্ট পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৩ ঘ.