বেইজিং, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফির পতনের পর লিবিয়ায় ব্যবসারত চীনের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিদ্রোহী এক কর্মকর্তা হুঁশিয়ারি জানানোর পর লিবিয়ায় চীনের বিনিয়োগ রক্ষা করার আহ্বান জানিয়েছে চীন।
চীন বলেছে, লিবিয়ার তেলক্ষেত্রে তাদের বিনিয়োগে উভয়দেশ লাভবান হচ্ছে।
"লিবিয়ায় চীনের বিনিয়োগ, বিশেষ করে তেলক্ষেত্রে বিনিয়োগ, লিবিয়া ও চীনের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নিদর্শন। আর এ সহযোগিতায় লাভবান হচ্ছে উভয়দেশের জনগণ," এক সংবাদ সম্মেলনে বলেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান ওয়েং জংলিয়ান।
তিনি আরো বলেন, "আমরা আশা করছি লিবিয়ায় স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর, লিবিয়া চীনের বিনিযোগকারীদের স্বার্থ ও অধিকার রক্ষার করতে সচেষ্ট হবে। আমরা ভবিষ্যতে লিবিয়ায় আরো বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা করার আশা রাখি,"।
লিবিয়ার বিদ্রোহীদের খনিজ তেল বিষয়ক প্রতিষ্ঠান এজিওসিও'র এক কর্মকর্তা সোমবার বলেছেন, গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীদের প্রতি সমর্থন না দেওয়ায় চীন ও রাশিয়ার তেল চুক্তি বাতিল করা হতে পারে।
লিবিয়ার সাধারণ নাগরিকদের ওপর গাদ্দাফির হামলা থেকে রক্ষার জন্য চলতি বছরের মার্চে ন্যাটোর সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘে পাস হয়।
ওই প্রস্তাবনায় চীন ভেটো দেওয়া থেকে বিরত থাকলেও লিবিয়ায় পশ্চিমা শক্তিগুলোর যুদ্ধবিমান থেকে বোমা হামলার নিন্দা জানায় এবং সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানায়।
কিন্তু তখন থেকেই লিবিয়ার বিদ্রোহী নেতাদের বেইজিং সফরে চীন আতিথেয়তা দেয় ও বিদ্রোহী নেতাদের সাথে আলোচনার জন্য নিয়মিত দূত পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩০ ঘ.
bdnews24