২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে কয়েকদিনের সংঘর্ষে নিহত ৬শ'

দক্ষিণ সুদানে আদিবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬শ' জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে শত শত মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

জাতিসংঘ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ সুদানে আদিবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬শ' জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে শত শত মানুষ। দেশটিতে নিয়োজিত জাতিসংঘ মিশন সোমবার এখবর জানিয়েছে। দক্ষিণ সুদানে নিয়োজিত 'ইউএনএমআইএসএস' নামে পরিচিত জাতিসংঘ মিশন জানায়, এ সংঘর্ষে প্রায় আড়াই লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। কয়েকদিন ধরে চলা এ সংঘর্ষের ফলে সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদান অস্থিতিশীল হয়ে পড়ছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণ সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিল্ড জনসন এক বিবৃতিতে বলেন, "সংঘর্ষের এই চক্র বন্ধ করতে হবে।" তিনি আরো বলেন, "আবারও অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। এ ধরনে সহিংসতা গ্রহণযোগ্য নয়। সংঘর্ষে লিপ্ত থাকা দুপক্ষের প্রতিই শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। জরুরিভাবে সমন্বয় সাধন করা প্রয়োজন।" আদিবাসী জনপদের প্রধান অর্থনীতি পশু পালন হওয়ায় ওই অঞ্চলে প্রায়ই গবাদি পশু নিয়ে সংঘর্ষ হয়ে থাকে। সহিংসতায় ৬ শ' নিহত ও সাড়ে সাতশ' থেকে ৯শ' ৮৫ জন আহত হয়েছে। এছাড়া ২৬ থেকে ৩০ হাজার পশু চুরি হয়েছে। জোংলি রাজ্যের ইউরোর প্রদেশের পেরি মোতার ও পুলচোল গ্রামে ওই সংঘর্ষে প্রায় আড়াই লাখ মানুষ বাস্তুহারা হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষ জাতিসংঘ মিশনকে জানিয়েছে। এছাড়া প্রায় ২শ' জনকে অপহরণও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০০ ঘ.