২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা-ইসরায়েল সহিংসতায় উদ্বেগ বাড়ছে

গাজা ও ইসরায়েলের মধ্যে নতুন করে সহিংসতায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থাকারী চারপক্ষ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইইউ এবং রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

গাজা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ গাজা ও ইসরায়েলের মধ্যে নতুন করে সহিংসতায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থাকারী চারপক্ষ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইইউ এবং রাশিয়া। গাজা-ইসরায়েল পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলায় গত তিনদিনে নিহত হয়েছে অন্তত ৩০ জন। এ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। বৃহস্পতিবার মিশরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরের কাছে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত হওয়ার পর থেকে দুপক্ষে সহিংসতার শুরু। বন্দুকধারীদের পশ্চাদ্ধাবন করা ইসরায়েলি সেনাদের গুলিতে ৫ মিশরীয় পুলিশও নিহত হয়। ওই হামলার ঘটনার পর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১৫ জন। পাল্টা হামলায় গাজা থেকে ইসরায়েলে ১২ টি রকেট ছোড়ে হামাস। শনিবার ইসরায়েলে ৫০ টিরও বেশি রকেট হামলা হয়েছে। এতে এক ইসরায়েলি নিহত হয়েছে বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন। মাগেন ডেভিড প্যারামেডিক সার্ভিসেস'র মুখপাত্র এলি বেইন জানান, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরসেবায় রকেট হামলায় আহত এক ইসরায়েলি হাসপাতালে মারা গেছে। আহত হয়েছে আরো দুইজন। 'পপুলার রেসিসট্যান্স কমিটিস' (পিআরসি) নামের একটি সংগঠন বীরসেবায় ওই রকেট হামলায় দায়িত্ব স্বীকার করেছে। ওদিকে ওফাকিম শহরের আরেকটি রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা। ২০০৯ সালের জানুয়ারির যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলে রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে হামাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ঘ.