২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনা হাজারের ওপর চাপ বাড়ছে

সরকার কঠোর অবস্থান থেকে সরে আসায় দাবি আদায়ে নমনীয় হওয়ার জন্য আনা হাজারের ওপর চাপ বাড়ছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

নয়া দিল্লি¬, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার কঠোর অবস্থান থেকে সরে আসায় দাবি আদায়ে নমনীয় হওয়ার জন্য আনা হাজারের ওপর চাপ বাড়ছে। গান্ধীবাদী ৭৪ বছর বয়স্ক আনা হাজারে রোববার ষষ্ঠ দিনের মতো দিল্লির রামলীলা ময়দানে অনশন করছেন। এ অবস্থায় তিনি শুধু পানি পান করছেন। দুর্নীতিবিরোধী কঠোর আইন না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু দাবি শিথিল করার চাপের মুখে হাজারের সমর্থকরা রোববার সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজধানীতে হাজারের ষষ্ঠ দিনের অনশনে তার সমর্থনে যোগ দিয়েছে অসংখ্য মানুষ। হাজারের সমর্থনে স্লোগান দিচ্ছে তারা। কিন্তু দুর্নীতিবিরোধী কঠোর আইন পাশের জন্য হাজারে যে অনড় অবস্থান নিয়েছেন তা সমালোচনার শিকার হয়েছে। এর মধ্য দিয়ে তিনি একটি নির্বাচিত সংসদকে নীতি নির্দেশ করছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের একটি নামকরা নাগরিক অধিকার সংগঠন 'দ্য ন্যাশনাল ক্যাম্পেইন ফল পিপল রাইটস ইনফরমেশন' (এনসিপিআরআই) বলেছে, তারা নিজস্ব দুর্নীতিবিরোধী বিল পেশ করবে। এনসিপিআরআই এর সদস্য অরুণা রায় বলেছেন, আনা কুপরামর্শে কাজ করছেন বলেই মনে করেন তিনি। "কেউ যদি বলে আমার মতামতই একমাত্র মত ও পথ হওয়া উচিত, তাহলে তা ভুল", বলেন অরুণা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও হাজারের অনশনকে ভুল বলে সমালোচনা করেছিলেন। অনশনরত আনা হাজারের প্রতি ব্যাপক জনসমর্থনের মুখে ইতোমধ্যেই পিছু হটেছেন মনমোহন। অনশনের চতুর্থ দিন শনিবার তিনি সাংবাদিকদের বলেন, "আমরা আলোচনা, সংলাপের জন্য প্রস্তুত। "লোকপাল বিল বিষয়ে আমরা বৃহত্তর জাতীয় মতৈক্য চাই। এখানে সমঝোতার অনেক সুযোগ আছে।" সরকারের এ নমনীয় অবস্থানের মুখে আন্দোলনের নেতৃস্থানীয় মানবাধিকার কর্মী অরবিন্দ কেজরিওয়াল রোববার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আমরা আলোচনার পক্ষে আছি। আমরা কার সঙ্গে কখন, কোথায় আলোচনায় বসবো তা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই।" সরকার ১৫ দিনের জন্য অনশনে বসার অনুমতি দেওয়ায় গ্রেপ্তারের তিনদিন পর শুক্রবার তিহার জেল থেকে বের হন হাজারে। তখন থেকে রামলীলা ময়দানে অনশন করছেন তিনি। গত মঙ্গলবার দিলি¬¬র জয় প্রকাশ নারায়ণ পার্কে আনার আমরণ অনশনে বসার ঘোষণা ছিলো। কিন্তু তার আগেই ময়ূর বিহারের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এর আগে গত ৯ জুন রাজঘাটের গান্ধী মেমোরিয়ালে একদিনের অনশন করেন হাজারে। রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। সরকার এ বিষয়ে 'লোকপাল বিল' পার্লামেন্টে উত্থাপনের ঘোষণা দিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৭ ঘ.