ত্রিপোলি, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাতভর লড়াইয়ের পর রাজধানী ত্রিপোলির কিছু এলাকা দখল করে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। তাদের হাত আরো শক্তিশালী করতে ত্রিপোলি অভিমুখে লড়াই করতে করতে অগ্রসর হচ্ছে অন্য বিদ্রোহী দলগুলো।
বিদ্রোহীদের 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' এর ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা বেনগাজিতে রয়টার্সকে বলেন, "আমাদের বিপ্লবী যোদ্ধারা বেশ কয়েকটি এলাকা দখল করেছে। আর অন্যরা শহরের বাইরে থেকে সেখানে যোগ দিতে আসছে।"
তবে এ জয় ধরে রাখা সম্ভব হবে কিনা তা নির্ভর করছে শহরের বাইরে থাকা বিদ্রোহীরা কত শিগগিরই ত্রিপোলিতে পৌঁছতে পারে তার ওপর।
বিদ্রোহী বাহিনী ত্রিপোলির দক্ষিণে জড়ো হচ্ছে। ত্রিপোলি থেকে ৪৫ কিলোমিটার দূরের আল জাজিজিয়াহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা।
বিদ্রোহীদের আরেকটি দল ১৫০ কিলোমিটার পূর্বের জ্লিতান শহর থেকে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ত্রিপোলির সবচেয়ে কাছে বিদ্রোহীদের দলটি আছে জাউইয়াহ শহরে।
শহরের উপকণ্ঠ থেকে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছে, বিদ্রোহীরা ত্রিপোলির দিকে ১০ কিলোমিটার এগিয়েছে।
সম্মুখসারিতে যুদ্ধ করে ফিরে আসা বিদ্রোহী যোদ্ধারা বলছে, তারা জাদ্দাইম শহর দখল করেছে। এখন তারা ত্রিপোলির ২০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং পশ্চিমাঞ্চালীয় শহরতলী জানজোর এর দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে আল-জাজিরা টেলিভিশন এক খবরে জানায়, ত্রিপোলি দখলের লড়াইয়ে বিদ্রোহীরা নেতা মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর ৩১ সদস্যকে হত্যা করেছে। আটক হয়েছে ৪২ জন।
বিদ্রোহীদের এ অগ্রযাত্রার মধ্যে ন্যাটো বাহিনীও রোববার ত্রিপোলির লড়াইয়ে আরো অগ্রসর হয়েছে।
উপকূলীয় শহর জাবিয়াহ ও জিলতানের পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে লড়াই শুরু করেছে বিদ্রোহীরা।
শনিবার মধ্যরাতে গুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ত্রিপোলি। ভারি মেশিনগানের গুলির শব্দ পাওয়া গেছে রোববার ভোরের দিকেও। বিদ্রোহীরা বলছে, মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে হঠাতে চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে।
রোববার ভোররাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও ভাষণে গাদ্দাফি বিদ্রোহীদের 'ইঁদুর' সম্বোধন করে বলেন, "জনতা হামলা চালিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে।"
রাজধানীতে বিদ্রোহীদের 'তৎপরতা' দ্রুত দমন করা হয়েছে বলে দাবি করেন গাদ্দাফির তথ্যমন্ত্রীও।
অন্যদিকে, বেনগাজিতে বিদ্রোহীদের সদরদপ্তর থেকে 'ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল'-এর ভাইস চেয়ারম্যান আবদেল হাফিজ ঘগা রয়টার্সকে বলেন, "চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে। ত্রিপোলিতেও জেগে উঠেছে আমাদের সঙ্গীরা।"
ত্রিপোলিতে অবস্থানরত রয়টার্সের প্রতিনিধি জানান, রাত নেমে আসার সঙ্গে সঙ্গে সেখানে তীব্র গোলাগুলি শুরু হয়। গুলির সঙ্গে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কয়েক ঘণ্টা ধরে।
এক সপ্তাহ আগে রাজধানীর দিকে এগুতে থাকা বিদ্রোহীদের হাতে ত্রিপোলির পশ্চিমের শহর জাবিয়াহর পতন হলে লিবিয়ার গৃহযুদ্ধের মোড় নাটকীয়ভাবে পাল্টে যায়। শহরটি সরকারি বাহিনীর হাতছাড়া হওয়ায় রাজধানী ত্রিপোলি বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ত্রিপোলিতে পণ্য পরিবহনের প্রধান পথ বন্ধ হয়ে যাওয়ায় চাপে পড়ে গাদ্দাফির বাহিনী।
মুয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসনাবসানে গত ৬ মাস ধরে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বিদ্রোহী বাহিনী। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোও তাদের সমর্থন দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০১৪ ঘ.
bdnews24