লন্ডন, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানব ডিম্বাণু কিভাবে একটি মানব শুক্রাণুকে গ্রহণ করে নিষেক ক্রিয়া শুরু করে তার রহস্য বিজ্ঞানীরা উদঘাটন করেছেন। এ আবিষ্কার ভবিষ্যতে সন্তানহীন দম্পতিকে সন্তান পেতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং ও তাইওয়ানের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক গবেষক দলের গবেষণায় এটি আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কারের বিস্তারিত সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণাকালে গবেষকদল দেখতে পান, একটি নির্দিষ্ট ধরনের চিনির অণু মানব ডিম্বাণুর বহিরাবরণকে "আঠালো" করে তোলে। আঠালো এ বহিরাবরণের সহায়তাতেই ডিম্বাণু ও শুক্রাণু পরস্পর মিলিত হয়।
"মানুষের নিষেক ক্রিয়ার বিষয়ে জ্ঞানের ক্ষেত্রে একটি বিশাল শূন্যতা পূরণ করেছে আমাদের আবিষ্কার। আর এ আবিষ্কার সন্তানহীন দম্পতিদের সাহায্য করবে বলে আমরা আশা করছি," বলেন গবেষক দলের অন্যতম সদস্য লন্ডন ইম্পেরিয়াল কলেজের অ্যানি ডেল।
বিজ্ঞানীরা জানতেন, একটি শুক্রাণু মাথায় থাকা প্রোটিনের মাধ্যমেই ডিম্বাণুকে "শনাক্ত" করে। শুক্রাণুর মাথায় থাকা প্রোটিন ডিম্বাণুর বহিরাবরণের নির্দিষ্ট ধরনের চিনির একটি দলের সাথে মিলিত হয়ে খাপ খেলেই "শনাক্তকরণ" সম্পন্ন হয়।
যখনই সফল "শনাক্তকরণ" সম্পন্ন হয়, শুক্রাণুর বহিরাবরণ ও ডিম্বাণুর বহিরাবরণ মিলে একটি বহিরাবরণে পরিণত হয়। তখন শুক্রাণুর ডিএনএ ডিম্বাণুকে নিষিক্ত করে। তারপর উভয়ে একটি জাইগোটে পরিণত হয়, এটিই ভবিষ্যৎ সন্তানের ভ্র"ণ।
নতুন এ গবেষণায় গবেষকদল খুঁজে বের করতে চাইলেন শুক্রাণু-ডিম্বাণুর বহিরাবরণ মিলিত হতে কোন অণুগুলো প্রধান ভূমিকা পালন করে।
গবেষণায় তারা দেখলেন, মানব ডিম্বাণুর বহিরাবরণে প্রচুর সিয়ালাইল-লুইস-এক্স সিকোয়েন্স (এসএলইএক্স) নামের চিনির অণুর শিকল। এরপর বিজ্ঞানীরা গবেষণাগারে নির্দিষ্ট কয়েক ধরনের সংশ্লেষিত চিনির সাথে পরীক্ষা করে নিশ্চিত হন এসএলইএক্স-ই ডিম্বাণুর সাথে শুক্রাণুকে যুক্ত করে।
নিশ্চিত হওয়ার জন্য এবার গবেষকরা অনিষিক্ত "মৃত" ডিম্বাণুর বহিরাবরণ নিয়ে কাজ শুরু করেন।
ডেল জানান, গবেষণাটি খুব কঠিন ছিল।
সহগবেষক ইম্পেরিয়াল কলেজের পো চো প্যাং জানান, এ গবেষণা অনেক বন্ধ্যাদম্পতির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
গবেষকরা জানিয়েছেন, তারা এখন ডিম্বাণুকে শনাক্তকারী শুক্রাণুর মাথার প্রোটিন নিয়ে গবেষণায় নব লব্ধ জ্ঞান ব্যবহার করতে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১১ ঘ.
bdnews24