ইসলামাবাদ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার অঞ্চলে একটি মসজিদে শুক্রবার বোমা বিস্ফোরণে নিহতের বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এতে শতাধিক মানুষ আহত হন।
সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
আহতদের অনেকের অবস্থাই গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে আঞ্চলিক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্মকর্তা মুতাহির জেব জানান।
জেব জানান, এক কিশোর এই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।
এর আগে এক খবরে জানানো হয়, ওই হামলায় ৩৪ জন নিহত হয়েছেন।
মূল শহর খাইবার এর জমরুদ এলাকায় এ হামলায় আহত হয়েছে ১শ'রও বেশি মানুষ। অঞ্চলটিতে গত কয়েক বছর ধরে তালেবান, আল কায়েদা জঙ্গিদের তৎপরতা চলছে।
শুক্রবার শত শত মানুষ এই মসজিদে জুমার নামাজ পড়ার জন্য সমবেত হন। নামাজ শেষ হওয়ার ঠিক পরমুহূর্তেই এ হামলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তা সৈয়দ আহমেদ জান।
খাইবার প্রশাসনের উপ-প্রধান কর্মকর্তা খালিদ মুমতাজ কুন্দি বলেন, ২০ টি মৃতদেহ দু'টি হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য মৃতদেহগুলো তাদের আত্মীয়-স্বজনরা সরাসরি বাড়িতে নিয়ে গেছে।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল হামলায় নিহতের সংখ্যা ৪০ উল্লেখ করেছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি।
ওদিকে, মুমতাজ কুন্দিও এএফপি বার্তা সংস্থাকে বলেন, হামলাটি আত্মঘাতী। হামলাকারী দেহে ৮-১০ কেজি বিস্ফোরক বেঁধে পায়ে হেটে এসে মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১১০২ ঘ.
bdnews24