২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেল ছাড়লেন আনা হাজারে

অনশনে বসার উদ্দেশ্যে শুক্রবার জেল ছেড়েছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আনা হাজারে। সরকার অনশনে বসতে দিতে রাজি হওয়ায় তিনদিন পর কারাগার ছেড়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

নয়া দিল্লি¬, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনশনে বসার উদ্দেশ্যে শুক্রবার জেল ছেড়েছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আনা হাজারে। সরকার অনশনে বসতে দিতে রাজি হওয়ায় তিনদিন পর কারাগার ছেড়েছেন তিনি। হাজারের কারাগার ছাড়ার ঘটনাটি ভারতীয় বিভিন্ন চ্যানেলে সরাসরি স¤প্রচার করা হয়। তাতে দেখা যায়, আনার হাজার হাজার অনুসারী ও সমর্থক তার মুক্তিতে আনন্দ প্রকাশ করছে। কারাগারের গেট পার হয়ে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং বলেন, "ভারত মাতার জয়"। আর জনতাও তার ছবি ও ভারতীয় পতাকা নেড়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করে। বৃহস্পতিবার রাতে আনার দাবির মুখে অনশনের অনুমতি দিতে সরকার সম্মত হওয়ার খবরে তিহার জেলের সামনে অবস্থান নেয় আনার অসংখ্য অনুসারী। তাদের অনেকে সারারাত সেখানেই অবস্থান করেন। কেউ কেউ আনার জন্য প্রার্থনা করেন আবার কেই কেউ আনার নামে স্লোগানও দেন। আনার এক ঘনিষ্ঠ সহযোগী জানান, জেল থেকে বেরিয়ে আনা প্রথম রাজ ঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে যাবেন, সেখান থেকে তিনি অনশন স্থলের দিকে যাবেন। গত মঙ্গলবার দিল্লি¬র জয় প্রকাশ নারায়ণ পার্কে আনার নতুন করে আমরণ অনশনে বসার ঘোষণা ছিলো। কিন্তু তার আগেই ময়ূর বিহারের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রবীণ এই সমাজকর্মীকে গ্রেপ্তারে ভারতজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আনাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যে জেলে তাকে নিয়ে যাওয়া হয় তার সামনে, পার্লামেন্ট ভবনের সামনে এবং ইন্ডিয়া গেটে হাজার হাজার অনুসারী-সমর্থক জড়ো হয়ে প্রতিবাদ-বিক্ষোভ জানায়। এর পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয় সরকার হয়। কিন্তু দিল্লি¬র ওই পার্কের সামনেই অনশনের অনুমতি না দেওয়া পর্যন্ত জেল থেকে যাবেন না বলে ঘোষণা দেন আনা। শেষ পর্যন্ত আনার দাবির মুখে পিছু হটে সরকার। অনশনের অনুমতি পাওয়ার পরই জেল ছাড়েন এই সমাজকর্মী। হাজারের সহযোগী ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দুঃসাহসিক অভিযানের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক পুলিশ প্রধান কিরণ বেদী এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, আনা তিন সপ্তাহ অনশন করার অনুমতি চেয়েছিলেন। তবে দুই সপ্তাহের অনুমতি দেওয়া হয়। এতে রাজি হয়ে কারাগার থেকে বের হতে রাজি হয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রবল বৃষ্টির ফলে রামলীলা ময়দান কর্দমাক্ত হয়ে থাকায় দিল্লির নগর কর্তৃপক্ষ ওই স্থানটি ব্যবহারের যোগ্য করে তোলার কাজ করছে। মাঠ সংস্কারের কাজ শেষ হলে জেল থেকে সরাসরি সেখানে যাবেন আনা হাজারে। এ আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরেক মানবাধিকার কর্মী অরবিন্দ কেজরিওয়াল বলেন, রামলীলা ময়দান সম্পূর্ণ তৈরি হওয়ার পরেই কারাগার ছাড়বেন আনা। এর আগে অন্য কোথাও যাবেন না তিনি। কিরণ বেদী বলেন, "এ অনুমতিকে আমরা কেউই বিজয় হিসেবে দেখছি না। আমরা কোনো খেলা খেলছি না, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এটা করছি আমরা।" বুধবার আনা হাজারের অনশনের সমর্থনে ভারতজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যেও দুর্নীতিবিরোধী এ সমাজকর্মীর অনশন 'সম্পূর্ণ ভুল' বলে সমালোচনা করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন পার্লামেন্টে বলেন, দুর্নীতিবিরোধী বিলের সংস্কার দাবি করে গণতন্ত্র বাস্তবায়নের পথে বাধা দেয়ার চেষ্টা করছেন আনা। অন্যদিকে আনা হাজারেকে গ্রেপ্তারের সমালোচনা করেন প্রধান বিরোধী দল বিজেপির নেতা এল কে আদবানি। ভারতের কমিউনিস্ট পার্টি-সিপিআইসহ আরো অনেক রাজনৈতিক দল ও নেতারা আনাকে গ্রেপ্তারের সমালোচনা করেছে। দুর্নীতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এর আগে গত ৯ জুন রাজঘাটের গান্ধী মেমোরিয়ালে একদিনের অনশন করেন হাজারে। রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি, তবে বলেন, লড়াই চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/সিআর/১৪২৫ ঘ.