ওয়াশিংটন, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আহ্বানের বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থায় শুক্রবার বলা হয়েছে, "আমরা এ ধরনের আহ্বান সমর্থন করি না। এখন প্রেসিডেন্ট আসাদকে তার ঘোষিত সব সংস্কার পক্রিয়া বাস্তবায়নের জন্য সময় দেওয়াটাই জরুরি বলে আমরা বিশ্বাস করি।"
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া বলেছে, তারা সিরিয়ার বিরুদ্ধে কোনো প্রস্তাবনা সমর্থন করবে না।
তবে ৩ আগস্টে সিরিয়ায় সহিংসতার নিন্দা জানিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে সমর্থন দেবে। ওই বিবৃতিতে সিরিয়ায় দমনাভিযান বন্ধের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সিরিয়ায় ৫ মাস ধরে নির্মমভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনাভিযানের পরিপ্রেক্ষিতে আসাদকে বৃহস্পতিবার পদত্যাগের আহবান জানায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
দমনাভিযানে গুলি করে প্রায় ২ হাজার মানুষ হত্যা এবং ব্যাপক নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, "সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।"
"নিজ দেশের জনগণের ওপর নির্যাতন, দমনপীড়ন চালিয়ে যাওয়ার কারণে তার সংলাপ এবং সংস্কারের আহ্বান ফাঁকা বুলিতে পর্যবসিত হয়েছে।"
"সিরিয়ার জনগণের স্বার্থেই আসাদের এখন ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময় হয়ে এসেছে," বলেন ওবামা।
সিরিয়ায় সহিংসতা অবসানে যুক্তরাষ্ট্রের নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে সিরিয়া সরকারের সম্পদ জব্দ করাসহ সিরিয়ায় মার্কিন নাগরিকদের কার্যক্রম, বিনিয়োগ নিষিদ্ধ করা এবং সিরিয়া থেকে পেট্রোলিয়াম আমদানি বন্ধের নির্দেশ দিয়েছেন ওবামা।
ওদিকে, ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
কিন্তু রাশিয়া বলছে, আসাদ বৃহস্পতিবার সব দমনাভিযান বন্ধ করা হচ্ছে বলে যে ঘোষণা দিয়েছেন সেটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ঘোষণা আসাদের সংস্কারের পথে অগ্রসর হওয়ার সদিচ্ছারই বহিঃপ্রকাশ।
সিরিয়ায় অস্ত্র বিক্রি করাসহ সামরিক সহযোগিতায় জড়িত রাশিয়া বেশ কয়েকবার আসাদকে সংস্কারকাজ বাস্তবায়নের প্রতিশ্র"তি পূরণের আহ্বান জানিয়েছে। পশ্চিমাদের তুলনায় রাশিয়া সিরিয়া সরকারের কার্যকলাপকে অনেক বেশি ইতিবাচক দৃষ্টিতে দেখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৩ঘ.
bdnews24