জেরুজালেম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইসরায়েলে দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তের কাছে কয়েকটি গাড়িতে বন্দুকধারীদের হামলায় বৃহস্পতিবার অন্তত ৬ জন নিহত হয়েছে।
বন্দুকধারীরা প্রথমে একটি যাত্রীবাহী বাসে চোরাগোপ্তা হামলা চালায়। এতে কমপক্ষে ৭ জন আহত হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
ওদিকে, ইসরায়েলের টেলিভিশন জানিয়েছে, আরো কয়েকটি গাড়িতে চোরাগোপ্তা হামলা হয়েছে। এতে বেশ কিছু সংখ্যক মানুষ মারা গেছে।
কয়েকটি গাড়িতে ট্যাংক বিধ্বংসী রকেট হামলা এবং একটি সেনা প্রহরা স্থলে বিস্ফোরণও ঘটেছে বলে জানা গেছে।
মিশরে ফেব্র"য়ারির গণআন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থায় যে শূণ্যতা দেখা দিয়েছে সিনাই এর জঙ্গি গোষ্ঠীগুলো সে সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।
এতে করে মিশর সীমান্তে জঙ্গি তৎপরতার লাগাম টেনে ধরতে মিশরের নতুন শাসকদের সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মিশরের কয়েকটি নিরাপত্তা সূত্র গত মঙ্গলবার জানায়, তারা উত্তর সিনাইয়ে দমনাভিযান চালিয়ে গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার চক্রান্তে জড়িত ৪ জঙ্গিকে আটক করেছে।
কিন্তু বৃহস্পতিবারের হামলার পর মিশরের নিরাপত্তা সূত্রে সিনাইয়ের জঙ্গিদের এ হামলায় জড়িত থাকার সম্ভাবনা নাকচ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫২ঘ.
bdnews24