২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির দিন হাতে গোনা: যুক্তরাষ্ট্র ভিডিও

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দিকে বিদ্রোহীদের অগ্রযাত্রার মধ্যে নেতা মুয়াম্মার গাদ্দাফির দিন হাতে গোনা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেত্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ওয়াশিংটন, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলির দিকে বিদ্রোহীদের অগ্রযাত্রার মধ্যে নেতা মুয়াম্মার গাদ্দাফির দিন হাতে গোনা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেত্তা। বিদ্রোহীরা গাদ্দাফি বাহিনীকে কোণঠাসা করে ফেলতে শুরু করেছে। ফলে গাদ্দাফি টিকে থাকার সম্ভাবনা আর মাত্র কয়েকদিন, বলেন পানেত্তা। তিনি আরো বলেন, ন্যাটো হামলা, বিরোধীদের তৎপরতা, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ, আরব লীগের পদক্ষেপ সবমিলে পরিস্থিতি যেরকম জটিল হয়ে উঠেছে তাতে গাদ্দাফির দিন হাতে গোণা হয়ে পড়েছে। ত্রিপোলিকে বিচ্ছিন্ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবিয়ার বিদ্রোহীরা। ত্রিপোলিসহ মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর ও তার সেনাদের ঘাঁটি সির্তের সঙ্গে সংযোগকারী একটি পশ্চিমাঞ্চলীয় শহরের দিকে এগুচ্ছে তারা। ব্রিদোহীদের মিলিটারি কমান্ড বুধবার সকালে এক বিবৃতিতে বলেছে, "গাদ্দাফি সেনাদের হটিয়ে আল-হেইশা শহরের উপকন্ঠে বিপ্লবীদের স্কাউটিং টিম পৌঁছে গেছে।" মিসরাতা থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং ত্রিপোলি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত আল-হেইশা। রাজধানীকে বিচ্ছিন্ন করতে কয়েক দফা যুদ্ধাভিযানের সর্বশেষ পদক্ষেপ এটি। এছাড়া আজ-জাউইয়াহ শহরে শক্ত ঘাঁটি তৈরির জন্য তারা ত্রিপোলির কাছাকাছি দুটি শহর দখল করে নিয়েছে। এর একটি হচ্ছে, রাজধানী থেকে ৮০ কিলোমিটার দূরের গারিয়ান। আর অপরটি, জাউইয়াহ থেকে ১৬ কিলোমিটার পশ্চিমের সুরমান। বিদ্রোহীদের মুখপাত্র আবদুলরহমান টেলিফোনে বলেছেন, "গারিয়ান পুরোপুরি বিদ্রেহীদের দখলে। গাদ্দাফি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহির্বিশ্ব থেকে।" সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম ব্রিদোহীরা গারিয়ানে রয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের এক মন্তব্যে স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৫ঘ.