বার্লিন, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হর্ন অব আফ্রিকার বর্তমান দুর্ভিক্ষ মানুষের তৈরি বলে দাবি করেছে বিশ্ব ব্যাংক।
কৃত্রিমভাবে খাদ্যপণ্যের দাম বাড়ানো এবং অভ্যন্তরীণ হানাহানির কারণেই সেখানে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে।
কেনিয়ায় নিযুক্ত বিশ্ব ব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ ভল্ফগ্যাং ফেঞ্জলার মঙ্গলবার রয়টার্সকে একথা বলেন।
টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ফেঞ্জলার বলেন, "এ দুর্ভিক্ষ মানুষেরই সৃষ্টি"।
"খরা একটি স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার, এটা হবে, চলে যাবে, আবার হবে। কিন্তু খরা মোকাবিলায় সঠিক কৌশল নির্ধারণের ব্যর্থতাই দুর্ভিক্ষ সৃষ্টি করে," বলেন তিনি।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, হর্ন অব আফ্রিকার সোমলিয়া, কেনিয়া, ইথিওপিয়া এবং জিবুতির প্রায় এক কোটি চব্বিশ লাখ মানুষ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মোকাবিলা করছে। খরার ভয়াবহতায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছে প্রায় লক্ষাধিক মানুষ।
ফেঞ্জলার জানান, স্থানীয় বাজারের ওপর নিয়ন্ত্রণ আরোপের কারণে বিশ্বের বাকী অঞ্চলের তুলনায় পূর্ব আফ্রিকায় ভুট্টা ও অন্যান্য বীজ জাতীয় খাদ্যশস্যের দাম লক্ষণীয়ভাবে বেশি।
কেনিয়ায় এখন ভুট্টার দাম বিশ্ব বাজারের গড় দামের চেয়ে ৬০ থেকে ৭০ শতাংশ বেশি, উল্লেখ করে তিনি বলেন, অল্প সংখ্যক কৃষক কেনিয়ার ভুট্টার বাজার নিয়ন্ত্রণ করে আর তারাই কৃত্রিমভাবে দাম বাড়িয়ে রেখেছে।
"পূর্ব আফ্রিকার চেয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে ভুট্টার দাম কম," বলেন ফেঞ্জলার।
এছাড়া, সোমালিয়ায় দুই দশকব্যাপী চলমান গৃহযুদ্ধও আফ্রিকার ওই এলাকায় দুর্ভিক্ষকে আরো বাড়িয়ে তুলছে বলে জানান তিনি।
উচ্চ খাদ্য ও জ্বালানি মূল্যের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। এরফলে উন্নয়নশীল দেশগুলোই এর ভয়াবহতার শিকার বেশি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৯ ঘ.
bdnews24