জেনেভা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্ভিক্ষপীড়িত সোমালিয়ায় কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
খাদ্য ও পানি সংকটের মুখে রাজধানী মোগাদিসুতে ভিড় জমানো লোকজনের মধ্যে কলেরার প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, দূষিত পানি মারাত্মক ডায়রিয়া ও বমির কারণ। এর ফলে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. মিশেল ইয়ো এক সংবাদ সম্মেলনে বলেন, মোগাদিসুর বানাদির হাসপাতালেই এ বছর ৪ হাজার ২৭২ জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বেশির ভাগই ৫ বছরের কম বয়সী শিশু। এদের ১৮১ জন মারা গেছে।
ইয়ো আরো বলেছেন, "গত বছরের তুলনায় এ বছর কলেরা আক্রান্তের সংখ্যা দুই-তিন গুণ বেশি। তাই আমরা বলতে পারি কলেরা মহামারি আকারে দেখা দিয়েছে।" কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে কলেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24