ওয়েলিংটন, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাউন্ট এভারেস্টজয়ী প্রথম মানব স্যার এডমুন্ড হিলারির নামে নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতের একটি অংশের নামকরণ করা হচ্ছে।
দেশটির সরকারের পক্ষ থেকে বুধবার এ খবর জানানো হয়।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত কুকের দক্ষিণাংশের উঁচু অংশটি হিলারির নামে নতুন নামকরণ করা হচ্ছে। মাওরি ভাষায় এটির বর্তমান নাম ওকারি।
নিউজিল্যান্ডের ভূমিতথ্যমন্ত্রী মরিস উইলিয়ামসন এক বিবৃতিতে বলেন, "স্যার এডমুন্ড হিলারি দেশের প্রতি অসামান্য অবদান রেখেছেন, বয়ে এনেছেন বিরল সম্মান। তার অবদানের প্রতি সম্মান জানানোর এটিই যথাযথ পথ।"
১৯৪৮ সালে এডমুন্ড হিলারি প্রথম মানব হিসেবে নিজ দেশের ১২ হাজার ৩১৫ ফুট উঁচু সর্বোচ্চ পর্বতের শিখরে আরোহণ করেন। এর ঠিক পাঁচ বছর পরই বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ২৯ হাজার ২৯ ফুট উঁচু হিমালয় পর্বতের শিখর স্পর্শ করেন হিলারি।
হিমালয় অভিযানে হিলারির সঙ্গী ছিলেন তেনজিং নগ্রে।
২০০৮ সালে ৮৮ বছর বয়সে স্যার এডমুন্ড হিলারি মারা যাওয়ার পর নিউজিল্যান্ড সরকার তাকে যথাযথ সম্মান জানানোর উপায় খুঁজে বের করার জন্য দেশব্যাপী প্রচারণা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪২ ঘ.
bdnews24