২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় পণ্যবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাশিয়ার একটি পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১১ জনই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার একটি পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১১ জনই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আঞ্চলিক এক পরিবহন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়। মঙ্গলবার দিনের প্রথমভাগে নিখোঁজ হয়ে যাওয়ার পর রাশিয়ার মাগাদান অঞ্চলে বিধ্বস্ত অবস্থায় আন্তোনোভ-১২ পণ্যবাহী বিমানটির খোঁজ পাওয়া যায়। মাগাদানের ট্রান্সপোর্ট কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির চার ইঞ্জিনের একটিতে আগুন ধরে যায় এবং সেটি জরুরিভাবে অবতরণ করতে চায় বলে একজন ক্রু জানিয়েছিলেন। এক বিবৃতিতে ওই ট্রান্সপোর্ট কর্মকর্তা জানান, "ওমসুকচ্যান গ্রামের ১২০ মাইল দূরে বিমানটির সন্ধান পাওয়া যায়। প্রাথমিক তথ্যানুযায়ী এতে ১১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন যাত্রী ও নয়জন ক্রু।" উদ্ধারকারীরা বিমানটির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু গহীন অরণ্য ও কুয়াশার কারণে তাদের তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৭৪৫ ঘ.