২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতের নির্বাসিত সরকারের দায়িত্ব নিলেন সাঙ্গে

তিব্বতের নির্বাসিত সরকারের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোবাস্যাঙ সাঙ্গে। দায়িত্বগ্রহণের পরপরই তিনি 'চীনা উপনিবেশে'র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিব্বতের নির্বাসিত সরকারের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোবাস্যাঙ সাঙ্গে। দায়িত্বগ্রহণের পরপরই তিনি 'চীনা উপনিবেশে'র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান হিসেবে এতোদিন দালাইলামা দায়িত্ব পালন করেছেন। এখন থেকে সেই দায়িত্ব হার্ভার্ড থেকে আইন বিষয়ে শিক্ষাগ্রহণকারী সাঙ্গে পালন করবেন বলে সোমবার বিবিসি জানায়। ৪৩ বছর বয়সী সাঙ্গের দায়িত্বগ্রহণের মধ্যদিয়ে তিব্বতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক পদ থেকে তাদের আধ্যাত্মিক নেতা ৭৩ বছর বয়সী দালাইলামা সরে দাঁড়ালেন। দালাইলামা এখন থেকে আর রাজনৈতিক দায়িত্ব পালন করবেন না। তিনি আধ্যাত্মিক গুরু হিসেবেই কাজ চালিয়ে যাবেন। তিব্বতের রাজনৈতিক দায়িত্ব এতদিন পর্যন্ত ধর্মীয়গুরুরাই পালন করতেন। এবারই সেটি ধর্মীয় নেতৃত্বের বাইরে কারো হাতে ন্যস্ত হলো। চলতি বছরের এপ্রিলে লোবাস্যাঙ সাঙ্গে ভারতে নির্বাসিত তিব্বত সরকারের প্রধান নির্বাচিত হন। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা তিব্বতিদের ভোটে স্যাঙ্গে বিজয়ী হন। ভারতের ধর্মশালায় রাজনৈতিক প্রধান হিসেবে সাঙ্গের অভিষেক অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী তিব্বতিদের ধর্মীয় নেতা দালাইলামা উপস্থিত ছিলেন। ১৯৫৯ সাল থেকে তিব্বতিদের স্বাধীনতা আন্দোলন দালাইলামার মৃত্যুর পর শেষ হয়ে যেতে পারে বলে যে উদ্বেগ তা খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণকারী সাঙ্গে। চীনা কর্তৃপক্ষের উদ্দেশ্যে সাঙ্গে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এই আন্দোলন স্থিমিত হবে না। তিনি বলেন, "আমরা তরুণ প্রজন্ম দায়িত্ব বুঝে নিয়ে প্রবীণদের কাজ শেষ করবো। আমাদের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখবো। তাতে যত সময় লাগে লাগুক। আমরা পিছ পা হবো না।" যদিও নতুন নেতা সাঙ্গে দালাইলামার মতো অভিজ্ঞ নয়। ফলে তার জন্য তিব্বতের প্রশ্নে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করা কঠিন হয়ে উঠতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৪৪ ঘ.