২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বিদ্রোহীদের 'মন্ত্রিসভা' বরখাস্ত

লিবিয়ায় বিদ্রোহীদের নেতা মুস্তাফা আবদেল জলিল তার অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়েছেন। এই কমিটি মন্ত্রিসভা হিসেবে কাজ করতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 03:12 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বিদ্রোহীদের নেতা মুস্তাফা আবদেল জলিল তার অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়েছেন। এই কমিটি মন্ত্রিসভা হিসেবে কাজ করতো। বিদ্রোহীদের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, জুলাই মাসে বিদ্রোহীদের সামরিক প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ ইউনেস হত্যাকাণ্ডের জের ধরে জলিল এই পদক্ষেপ নিয়েছেন। এনটিসির একজন সদস্য ফাতিহ তারবেল জানান, জেনারেল ইউনেসের মৃত্যুর পর পরিষদে রদবদল প্রয়োজন ছিল। মুখপাত্র শামসিদ্দিন আবদুলমোলাহ রয়টার্সকে জানান, বিদ্রোহ নিশ্চিত করতে এবং জনগণের প্রতি দায়িত্ব প্রদর্শনেরই ইঙ্গিত এই রদবদল। তিনি বলেন, "এটি সঠিক এবং এখনো এনটিসি সর্বোচ্চ কর্তৃপক্ষ।" ইতোমধ্যে প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানানো হয়েছে। পরিষদের সদস্যদের সূত্রে জানা গেছে, কোনো কোনো মন্ত্রিকে পুনরায় নিয়োগ দেওয়া হতে পারে। জেনারেল ইউনেস ফেব্র"য়ারিতে গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সাথে যোগ দেন। ১৯৬৯ সালে যে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গাদ্দাফি লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন, সেই অভ্যুত্থানে তরুণ সেনা কর্মকর্তা হিসেবে ইউনেসও ছিলেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় গাদ্দাফির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন ইউনেস। এক পর্যায়ে গাদ্দাফি প্রশাসনের অন্যতম প্রধান ব্যক্তি হয়ে ওঠেন তিনি। তাকে গাদ্দাফির ডান হাত বলেই সবাই জানতো। আর এ কারণে গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সাথে যোগ দিলেও তাকে কিছুটা সন্দেহের চোখেই দেখা হতো বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গত ২৮ জুলাই জেনারেল ইউনেসকে বিদ্রোহীদেরই একটি গোষ্ঠী হত্যা করেছে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনো অজ্ঞাত। দুই সহযোগীসহ তার পুড়ে যাওয়া লাশ বেনগাজির নিকটবর্তী একটি স্থানে পাওয়া যায়। জেনারেল ইউনেসের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে এনটিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউনেস যে গোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত তারা এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত দাবি করেছে। ইউনেসের কোনো কোনো সমর্থক জানিয়েছে, একটি ইসলামি গোষ্ঠী তাকে হত্যা করেছে। ওই গোষ্ঠীটি এনটিসি'র সাথে মিত্র হিসেবে কাজ করছে। তবে অন্য বিদ্রোহীরা ইউনেসের হত্যাকাণ্ডের জন্য গাদ্দাফি সরকারকেই দায়ী করছে। জেনারেল ইউনেসের হত্যাকাণ্ডের ফলে বিদ্রোহীদের মাঝে বিভক্তির জন্ম হচ্ছে। এর ফলে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হলেও বিদ্রোহীরা লিবিয়াকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নেই বলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে উদ্বেগ দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৮৪৫ ঘ.