আম্মান, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রমজানের প্রথম শুক্রবারেও সিরিয়ায় সরকারী বাহিনীর গুলিতে নিহত হলেন অন্ততপক্ষে আরো ১৮ জন সাধারণ মানুষ। ওই দিন ইফতারের পর দেশব্যাপী হাজার হাজার মানুষ বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলে সরকারী বাহিনীর গুলিতে নিহতের এই ঘটনা ঘটে।
সিরিয়ার প্রধান দুটি আন্দোলনকারী গোষ্ঠী, সমন্বিত বিপ্লবী পরিষদ ও স্থানীয় সমন্বয় কমিটি এ সংবাদ জানায়।
সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশপাশের এলাকায়, মধ্যাঞ্চলীয় শহর হামা, উত্তরাঞ্চলীয় শহর হমস, দামেস্কর উত্তরের শহর দুমাইর এবং দক্ষিণাঞ্চলীয় হাউরান সমভূমি এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে।
দামেস্কের ময়দান এলাকায় ইফতারের পর লোকজন সরকারবিরোধী বিক্ষোভ মিছিল বের করলে রিপাবলিকান গার্ড বাহিনীর সদস্যরা গুলি চালায়। এতে দুই বিক্ষোভকারী নিহত ও ১২ জন আহত হয়।
সরকারী বাহিনী দামেস্কের উপকন্ঠে নাহ্র আয়িশা এলাকায় ১৭ বছর বয়সের এক তরুণকে গুলি করে হত্যা করে।
স্থানীয় বাসিন্দারা জানায়, ইফতারের পর দামেস্কর হারাস্তা, দৌমা ও দারিয়া এলাকায় লোকজন ট্যাংক হামলায় জর্জরিত হামার অধিবাসীদের সমর্থনে ও সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করলে সরকারী বাহিনীগুলো গুলি বর্ষণ করে।
এখানে সাতজন নিহত হয়।
দামেস্কর উত্তরে ছোট শহর দুমাইর-এ সরকারী বাহিনীর গুলিতে মারা যায় তিনজন।
দামেস্কর ১৬৫ কিলোমিটার উত্তরের হমস শহরেও সরকারী বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় হাউরান সমভূমি এলাকায় নিহত হয় একজন।
গত মার্চ থেকে সিরীয়বাসীরা দেশটিতে আসাদ পরিবার নিয়ন্ত্রিত বাথ পার্টির ৪১ বছরের শাসন অবসানে সরকার বিরোধী আন্দোলন করে যাচ্ছে।
এদিকে, সরকার দাবী করেছে হামার ৭০ কিলোমিটার উত্তরে মারাত আল নুমান শহরের কাছে "সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর" হামলায় ২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে।
বুধবার জাতিসংঘ সিরিয়ার দমন-পীড়নের নিন্দা জানানোর পর সিরিয়ার বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
দেশটির তিনটির সরকার প্রধান দমন-পীড়ন বন্ধে আরো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সিরিয়ার আসাদ সরকারের ওপর আরো চাপ সৃষ্টির বিষয়ে একমত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫২৯ ঘ.
bdnews24